নাসার ‘দস্তানা’!
বাজারের ভারী ব্যাগ টানতে টানতে ক্লান্ত? অথবা গাড়ির টায়ার বদলানোর কাজে হিমশিম খাচ্ছেন? এসব সমস্যার সমাধানে সম্প্রতি এগিয়ে এসেছেন ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) ও জেনারেল মোটরসের গবেষকেরা। ভারী যন্ত্রপাতি ধরার কাজে সহায়তা করতে সক্ষম এমন একধরনের দস্তানা তৈরি করছেন তাঁরা। যার সহায়তায় অনায়াসেই ভারী সব জিনিসপত্র তোলা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এক খবরে জানিয়েছে, নতুন এ দস্তানার নাম হবে কে-গ্লাভ বা রোবো-গ্লাভস। বিশেষ এ দস্তানা কাজে লাগবে গাড়ির কর্মী ও নভোচারীদের। এ ছাড়া ভারী যন্ত্রপাতি তুলতেও কাজে লাগানো যাবে এটি। নাসার প্রকৌশলীরা জানিয়েছেন, রোবো-গ্লাভস হাতে পরলে ভারী যন্ত্রপাতি সহজেই ধরা সম্ভব হবে এবং আঘাত পাবার আশঙ্কা কমবে।এতে বসানো রয়েছে চাপ সহ্য করতে পারে এমন সেন্সর। বেল্টের মতো হাতে পরতে হয় এ দস্তানা আর হাতে পরা থাকলে ভারী কোনো বোঝা তুলতে শক্তি প্রয়োগ করতে হয় অনেক কম। ব্যাটারিচালিত এ দস্তানার ওজন প্রায় দেড় কেজি। এ প্রযুক্তি উদ্ভাবনে সফলতা পেলেও শিগগিরই এ পণ্যটি বাজারে ছাড়ছে না নাসা।