নাড়ু নয় এন দিয়ে নোগাট!

এতদিন অ্যান্ড্রয়েড সফটওয়্যারের সর্বশেষ সংস্করণকে ‘এন’ নামে ডাকা হচ্ছিল। অবশেষে অ্যান্ড্রয়েড সফটওয়্যারের এন সংস্করণটির জন্য একটি নাম ঠিক করেছে গুগল। এন দিয়ে হচ্ছে—নোগাট। ভাবা হচ্ছিল এন দিয়ে নাটেলা, নাড়ু, নেপোলিয়ন, নাটব্রিট, নোরি, ন্যাকস, নুডলস, নোগাট, নেপোলিয়ন প্রভৃতি নামগুলোর মধ্যে একটি বেছে নিতে পারে গুগল।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণের নাম রাখার সময় গুগল বিশেষ ঐতিহ্য অনুসরণ করে। বিভিন্ন ডেজার্ট, মিষ্টান্ন বা চকলেটের নাম অনুসারে এই সংস্করণগুলোর নাম রাখা হয়। এ ছাড়া ইংরেজি অক্ষর এ থেকে শুরু করে এখন পর্যন্ত এন পর্যন্ত নাম রাখার ক্ষেত্রে অক্ষরগুলো ব্যবহার করেছে। আলফা ও বিটা সংস্করণের পর অ্যান্ড্রয়েড ১ দশমিক পাঁচ সংস্করণটির নাম রাখা হয় কাপকেক, এরপর আসে ১ দশমিক ছয় সংস্করণ ডোনাট, ২ সংস্করণটি একলেয়ার, ২ দশমিক ২ সংস্করণটি ফ্রয়ো, ২ দশমিক ৩ সংস্করণটি জিঞ্জারব্রেড, ৩ সংস্করণটিকে বলা হয় হানিকম্ব, ৪ সংস্করণটিকে বলা হয় আইসক্রিম স্যান্ডউইচ, ৪ দশমিক ১ সংস্করণটিকে বলা হয় জেলি বিন, ৪ দশমিক ৪ সংস্করণটিকে বলা হয় কিটক্যাট, ৫ কে বলা হয় ললিপপ, ৬ কে বলা হয় মার্শমেলো।

গত মাসে যুক্তরাষ্ট্রে গুগলের সদর দপ্তরে অনুষ্ঠিত বার্ষিক ডেলেপরার সম্মেলন ‘গুগল আই/ও’ সম্মেলনে অ্যান্ড্রয়েড এন সংস্করণটির ঘোষণা দিয়ে এর নাম রাখার জন্য ব্যবহারকারীদের কাছে অনুরোধ করে গুগল। অনেকেই নাম পাঠান। তবে নোগাট নামটি রাখার ক্ষেত্রে জনপ্রিয়তার বিষয়টি ভাবা হয়েছে কিনা তা পরিস্কার নয়।
গুগলের এই অ্যান্ড্রয়েড এন সংস্করণে একাধিক উইন্ডো সমর্থন, উন্নত নোটিফিকেশন সমস্যা, নম্বর ব্লক করার মতো নানা সুবিধা আসছে। টুইটারে নোগাট নামটি ঘোষণা দিলেও কবে নাগাদ এটি উন্মুক্ত হবে সে বিষয়ে কিছু জানায়নি গুগল।
নোগাট হচ্ছে চিনি, মধু, বাদাম ও ডিমের সাদা অংশ দিয়ে তৈরি মিষ্টান্ন। এই মিষ্টান্ন বিভিন্ন রকম হতে পারে।
আরও পড়ুন: