
চলচ্চিত্রের নায়িকারা আমাদের আনন্দ দেন। সেই সঙ্গে দেন অনেক সাক্ষাৎকার। সেসব ছাপা হয় পত্রিকায়, প্রচারিত হয় টিভিতে। মজার বিষয় হলো, কিছু কমন প্রশ্নের কমন উত্তর দেন তাঁরা। খেয়াল করেছেন কখনো সেসব ‘কমন উত্তর’ কেমন হয়? দেখুন এবার।

নায়িকা যখন প্রেম করছেন
আসলে আমাদের বোঝাপড়াটা খুব ভালো। ও আমাকে খুব ভালো বোঝে। আমি কোন জিনিসটা পছন্দ করি, কোনটা করি না, আমার জন্মদিন কবে—এ রকম ছোট ছোট বিষয় ও যে কীভােব মনে রাখে...আই কান্ট ইমাজিন! অ্যান্ড আই লাভ হিম সো মাচ!
নায়িকা যখন মঞ্চকর্মী
আমার শুরুটা কিন্তু মঞ্চ থেকে। এটা ঠিক, এখন ব্যস্ততার কারণে সেভাবে সময় দিতে পারি না। বাট বিষয়টা আমি ফিল করি।
নায়িকা যখন সদ্য বিবাহিত
না, ওর পক্ষ থেকে কোনো নিষেধ নেই। তবে আমি ভাবছি এবার কাজ কিছুটা কমিয়ে দেব। মূলত সংসারে সময় দিতে চাই। ভালো স্ক্রিপ্ট পেলে, গল্প পছন্দ হলে তবেই কাজ করব।
নায়িকা যখন ওজন কমিয়েছেন
দেখুন, এ অবস্থায় আসতে আমাকে অনেক সাধনা করতে হয়েছে। প্রথম প্রথম বেশ কষ্ট হতো...বাট নাউ আই অ্যাম সো মাচ হ্যাপি। জানেনই তো, এখন জিরো ফিগারের যুগ...হা হা হা!
নায়িকা যখন মঞ্চকর্মী নন
অভিনয় হচ্ছে ভেতরের জিনিস। অভিনয় করতে হলে আগে অভিনয় শিখে আসতে হবে—এমনটা কোথাও লেখা নেই। সিনেমা টোটালি আলাদা একটা মাধ্যম। যাত্রা-নাটকের ঢং আর সিনেমার ঢং কিন্তু সম্পূর্ণ আলাদা। যাঁরা অভিনয় করেন, এ বিষয়টা তাঁদের মাথায় রাখতেই হবে।
নায়িকা যখন বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে যান
আসলে এটাই আমার ঠিকানা। আমি আজ আমি হয়ে উঠেছি কিন্তু এই অভিনয়ের জন্যই। জীবনের শেষ দিন পর্যন্ত আমি অভিনয়ের মাঝেই থাকতে চাই।
নায়িকা যখন সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয় করেন
দেখুন, এই ইন্ডাস্ট্রিটা কিন্তু পুরোপুরি প্রফেশনাল। তাই চরিত্রের প্রয়োজনে আমি যেকোনো ধরনের পোশাক পরতে রাজি।