নিঃসঙ্গদের জন্য 'প্রশান্তির চেয়ার'

আলিঙ্গন মানেই দুজন মানুষের সৌহার্দ্যের প্রকাশ। কিন্তু যখন মানুষ নিঃসঙ্গ হয়ে পড়েন, আশপাশের পরিচিতজনেরা থাকেন দূরে, তখন একাকিত্ব তাকে কষ্ট দেয়। সে রকম কষ্ট কিছুটা হলেও এবার লাঘব করতে যাচ্ছে জাপানের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। তারা বাজারে এনেছে বিশেষ প্রযুক্তির নতুন একধরনের চেয়ার, যা মানুষকে আলিঙ্গন করতে সব সময় তৈরি থাকে।
মূলত নিঃসঙ্গ ও প্রবীণ ব্যক্তিদের কথা মাথায় রেখেই এ চেয়ার তৈরি করা হয়েছে। এ চেয়ারই তাঁদের প্রশান্তি এনে দিতে পারে, এমনই দাবি নির্মাতা প্রতিষ্ঠানের।
‘প্রশান্তির চেয়ার’ দেখতে এক বিশাল পুতুলের মতো। চেহারা বেশ বন্ধুসুলভ। হাত দুটি অনেক লম্বা। যে কেউ চেয়ারটিতে বসলে সেই লম্বা হাতের ‘আন্তরিক’ আলিঙ্গন পেতে পারেন। ‘লাইফ রিদম ডল’ নামের চেয়ারটির বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিকেয়ারের একজন মুখপাত্র বলেন, এ চেয়ারে বসে আপনি নিরাপদ বোধ করবেন। সবার ব্যবহারের উপযোগী হলেও এটি মূলত বয়স্ক ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে।
জাপানের রাজধানী টোকিওর ইন্টারন্যাশনাল হোম কেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশন এক্সিবিশনে চেয়ারটি গতকাল বুধবার প্রদর্শন করা হয়েছে। তিন দিনের এ প্রদর্শনীতে আরও স্থান পেয়েছে প্রবীণ ব্যক্তিদের তৈরি বিশেষ যানবাহন, বিছানা ও শৌচাগার। এসব সামগ্রী মূলত প্রবীণদের স্বনির্ভরভাবে বেঁচে থাকতে সহায়তা করবে। দেশটির প্রায় চার ভাগের এক ভাগ মানুষের বয়স ৬৫ বা তার চেয়ে বেশি। আগামী দশকগুলোতে সেখানে প্রবীণ ব্যক্তিদের হার ৪০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।
নতুন চেয়ারটির দাম ৪১৯ মার্কিন ডলার। হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্যও এ চেয়ারের একটি সংস্করণ তৈরি করা হয়েছে। প্রশান্তির চেয়ার ‘লাইফ রিদম ডল’ প্রবীণ ব্যক্তিদের মনে করিয়ে দেবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওষুধ খাওয়া এবং শৌচাগারে যাওয়ার কথা। ইউনিকেয়ারের মুখপাত্র আরও বলেন, নিঃসঙ্গ প্রবীণদের সঙ্গে কথা বলবে এবং জড়িয়ে ধরবে এ চেয়ার। এ ছাড়া এরা পুরোনো দিনের জাপানি লোকসংগীতও পরিবেশন করতে পারবে। এসব গান শুনে প্রবীণ ব্যক্তিরা স্মৃতিকাতর হতে পারবেন।
প্রদর্শনীতে পারো নামের ছোট রোবটও স্থান পেয়েছে। বিভিন্ন রোগের চিকিৎসায় এটি ২০০৪ সাল থেকে ব্যবহৃত হচ্ছে। এআইএসটি নামের একটি প্রতিষ্ঠানের তৈরি মায়াময় চেহারার এই রোবট পোষা প্রাণীর মতোই মানুষকে সঙ্গ দিতে পারে। অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষের বিধিনিষেধের কারণে অনেকে ইচ্ছে থাকলেও প্রাণী পুষতে পারেন না। তাঁদের জন্য এই রোবট বিশেষ উপযোগী। তা ছাড়া এগুলো জীবন্ত প্রাণীর মতো কাউকে আঁচড়ে দেবে না বা ঘরবাড়ি নোংরাও করবে না। তবে এই রোবটরা চলাফেরা করবে, চোখের পলক ফেলবে এবং চিঁ চিঁ আওয়াজও করবে। এমনকি বেশি খোঁচাখুঁচি করলে রাগও করবে। বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে এ রকম ছোট আকারের পোষা প্রাণীর আকারের তিন হাজার রোবট রয়েছে।
সূত্র: এএফপি।