দুই দশক ধরে অনলাইনে বই বিকিকিনি আর ডিজিটাল বইয়ের একচেটিয়া ব্যবসা করে আসছিল ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। প্রতিষ্ঠানটি এবার প্রথাগত বইয়ের দোকান চালু করার দিকে ঝুঁকছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে প্রকাশনা শিল্পের প্রাণকেন্দ্র টাইম ওয়ার্নার সেন্টারে ২৫ মে বইয়ের দোকান খুলেছে অ্যামাজন। নিউইয়র্কে এটিই অ্যামাজনের প্রথম বইয়ের দোকান হলেও যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির আরও ছয়টি দোকান রয়েছে। ম্যানহাটনে দ্বিতীয় শাখা চালুসহ এই বছরে আরও ছয়টি দোকান খোলার পরিকল্পনা রয়েছে অ্যামাজনের। প্রথাগত বইয়ের দোকান হলেও অবশ্য এই দোকানে রয়েছে প্রযুক্তির মেলবন্ধন।
তিন হাজারের বেশি বই নিয়ে নিউইয়র্কে যাত্রা শুরু করা ‘অ্যামাজন বুক’ নামের দোকানটিতে ভিন্নতা রয়েছে। প্রযুক্তি ব্যবহারে খুব একটা অভ্যস্ত না হলে প্রথমে একটু জটিলতায় পড়তে হবে। বইয়ের প্রতিটি তাক ও সারির নিচে একটা করে ডিজিটাল পর্দা রয়েছে, যেখানে অ্যামাজন ডটকমে ওই বইটি কয়টি তারকা পেয়েছে তা দেখাবে। এ ছাড়া অনলাইন থেকে যাঁরা বইটি কিনেছেন তাঁদের মন্তব্যও (রিভিউ) থাকবে। বইয়ের দামও সেখানে উল্লেখ করা থাকবে। বইয়ের দাম নির্ভর করবে ক্রেতা অ্যামাজনের কোন ধরনের সদস্য তার ওপর। বছরে ৯৯ ডলারের বিনিময়ে ক্রেতা যদি অ্যামাজন ‘প্রাইম মেম্বার’ হয়ে থাকেন, তবে প্রাইম অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট বইটি স্ক্যান করে বইয়ের মূল্য জানা যাবে। যেখানে বেশির ভাগ সময়ই মূল্যছাড় থাকবে। অন্যদিকে সাধারণ ক্রেতাদের বইয়ের গায়ে উল্লেখ করা মূল্যেই কিনতে হবে।
অ্যামাজনের বইয়ের দোকানগুলোকে শিল্প আর প্রযুক্তির মেলবন্ধন বলে আখ্যায়িত করেছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট জেনিফার কাস্ট। তিনি বলেন, বইগুলোকে এমনভাবে শ্রেণীকরণ করা হয়েছে যাতে অনলাইনে বই খুঁজে বের করার অভিজ্ঞতা কাজে লাগানো যায়।
তবে এত কিছুর পরও শঙ্কা রয়েছে অনেকের মনে। যেখান নামকরা অনেক বইয়ের দোকানই তাদের ব্যবসা গুটিয়েছে ইতিমধ্যে, সেখানে অ্যামাজন কি পারবে পাঠকদের মন জয় করে রাখতে? এ ব্যাপারে জেনিফার কাস্ট বলেন, ‘আমরা জানি ক্রেতাদের কীভাবে সন্তুষ্ট করতে হয়, আমরা ক্রেতাদের বই কেনার একটি নতুন অভিজ্ঞতা দিতে চলেছি।’
শাওন খান, সূত্র: সিএনএন