নিউইয়র্কে বিনামূল্যে ওয়াইফাই দেবে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল নিউইয়র্ক সিটির চেলসিয়া এলাকায় বিনামূল্যে ওয়াইফাই-সুবিধা দেবে। এ এলাকায় দ্রুতগতির এ ওয়াইফাই ইন্টারনেট-সুবিধা বিনামূল্যে দেওয়ার ব্যাপারে সম্প্রতি নিউইয়র্ক সিনেটর চার্লস স্কামারের সঙ্গে কথা বলেছেন। ইন্টারনেট-সুবিধা সহজেই ছড়িয়ে দিতে গুগলের এমন উদ্যোগ বলে জানা গেছে। ওয়াইফাই এলাকার মধ্যে গুগলের নিউইয়র্ক প্রধান কার্যালয় থাকবে। গুগলের প্রধান তথ্য কর্মকর্তা বেন ফ্রেড বলেন, ‘আমরা সত্যিকার অর্থেই গর্বিত যে, নিউইয়র্কের এ এলাকাকে বিনামূল্যে ওয়াইফাই-সুবিধা দিতে পারছি।’ এ ছাড়া এ এলাকায় শুধু দুই হাজারের বেশি বাসিন্দাই নয় প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী, অতিথি, ব্যবসায়ীও এ সুবিধা ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন তিনি। গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিথ বলেন, মূলত ফাইবার সেবাকে বাড়াতে গুগলের এমন উদ্যোগ। পাশাপাশি দ্রুতগতির ইন্টারনেট সেবার প্রসারের বিষয়টিও জড়িত। তবে বিষয়টি শুধু আনুষ্ঠানিকতা কিংবা অভিজ্ঞতা নেওয়ার জন্যই নয়। এর সঙ্গে ব্যবসায়িক বিষয়ও জড়িত বলে জানান তিনি। তবে গুগলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাঁদের মতে, গুগলের মতো প্রতিষ্ঠান এভাবে এগিয়ে এলে অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসবে। এতে করে ইন্টারনেট ব্যবহারকারীদের সুবিধাই হবে। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম