নিখোঁজ হয়ে গেলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হয়ে গেলে
নিখোঁজ হয়ে গেলে

নিখোঁজ হলো কাছের কেউ, আত্মীয় বা বন্ধু, তখন তাঁকে খুঁজে পাওয়ার জন্য সবার চেষ্টার কমতি থাকে না৷ পরিচিত সব জায়গায় খোঁজখবর নেওয়া, মাইকে প্রচার করা এবং গণমাধ্যমে প্রচার-প্রচারণাসহ সব উদ্যোগই নিতে দেখা যায়৷ তবে প্রথমেই যে কাজটি করা উচিত, তা অনেকেই করেন না৷ যেকোনো বয়সের ব্যক্তি নিখোঁজ হলে সবার আগে কাছের থানায় যোগাযোগ করে তাদের অবগত করতে হবে৷ অবগত শুধু মৌখিকভাবে করলে হবে না, এর জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন মানতে হবে৷ কারণ, মৌখিকভাবে অবগত করলে থানা বিষয়টি অনেক সময় আমলে না-ও নিতে পারে৷ তাই স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে হবে৷
যদি অপহরণ হওয়ার সন্দেহ থাকে: নিখোঁজ ব্যক্তিটি যদি অপহৃত হয়েছে বলে কোনো সন্দেহ হয় কিংবা নির্দিষ্ট কোনো কারণ থাকে, তাহলে শুধু জিডি করলে হবে না, প্রয়োজনে এজাহার দায়েরের মাধ্যমে মামলা করতে পারেন৷ এতে অপহরণ হওয়ার কোনো নির্দিষ্ট কারণ থাকলে এবং সন্দেহভাজন কেউ থাকলে তার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে এজাহার করতে হবে৷ দেশে প্রচলিত নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধিতে অপহরণের জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে৷ অনেক সময় বিভিন্ন উড়ো নম্বর থেকে ফোনে হুমকি-ধমকি আসতে পারে কিংবা কোনো মুক্তিপণ দাবি করলে কালবিলম্ব না করে থানায় অবগত করা উচিত৷
জেনে রাখুন: অনেক সময় পথেঘাটে কোনো নিখোঁজ ব্যক্তির খোঁজ পেলে পুলিশ তাদের নিরাপদ হেফাজতে রাখে এবং আদালতের অনুমতিক্রমে সরকারি সদনে রাখে৷ পুলিশ তাদের বিভিন্ন সময় আদালতে হাজির করায় এবং এ জন্য মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে আলাদা একটি নন-এফআইআর শাখা রয়েছে৷ কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে গেলে যদি ব্যক্তিটি নিজের নাম-ঠিকানা বলতে অপারগ হয়, শিশু, মানসিক অথবা শারীরিক প্রতিবন্ধী হয়, তাহলে আদালতের এ শাখায়ও যোগাযোগ করে খোঁজখবর নিতে পারেন৷ এ ছাড়া ঢাকার তেজগাঁও থানায় অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারেও খোঁজখবর নিতে পারেন৷ বেশির ভাগ ক্ষেত্রে উদ্ধার করা ব্যক্তিকে, বিশেষ করে নারী ও শিশুকে এখানে পাঠানো হয়ে থাকে৷
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট