নিজে করেন, অন্যকে গড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাসেল আহমেদ
রাসেল আহমেদ

কুষ্টিয়ার ভেড়ামারার তরুণ রাসেল আহমেদের জীবনবৃত্তান্ত বলছে, তিনি এসএসসি পাস করেছেন ২০০৪ সালে। আর এইচএসসি? ২০০৭ সালে। হিসাবে কি এক বছরের গরমিল ঠেকল? পাঠক, আপনার অনুমান নির্ভুল। ২০০৬ সালে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও রাসেল পারেননি শুধু টাকার অভাবে।
কম্পিউটার শেখার ইচ্ছা ছিল প্রবল, কিন্তু টাকা দেওয়ার সামর্থ্য ছিল না। তাই ঠিক হয়, ওই দোকানের কাজকর্ম করে দেবেন, বিনিময়ে কম্পিউটার শিক্ষা আর ১০০ টাকা মাসিক মাইনে। তাঁর জীবনের এসব তথ্য হয়তো খুব মামুলি ঠেকত, যদি না আমরা এখনকার রাসেলকে চিনতাম। ১০০ টাকার বেতন দিয়ে শুরু করা রাসেলের মাসিক আয় এখন পাঁচ লাখ টাকার বেশি। টাকার অভাবে পরীক্ষা দিতে না পারা রাসেলের নাম এখন ঝলমল করছে তথ্যপ্রযুক্তিনির্ভর আউটসোর্সিং খাতে। তিনি শুধু একা নন। তাঁর হাত ধরে আউটসোর্সিংয়ের মাধ্যমে বহু তরুণ দেখছে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন।
রাসেলের জন্ম ভেড়ামারার ফারাকপুরে। তারিখটা ১৯৮৯ সালের ৬ জুন। বাবা মো. মকবুল হোসেন দরজির দোকান চালান, মা মোছা. রেহানা পারভীন গৃহিণী। নিত্য অভাবের সঙ্গে লড়াই করেই পাবনা এডওয়ার্ড কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।
‘২০১০ সালের দিকে বিটিভির একটা অনুষ্ঠানে জানতে পারি, ঘরে বসে ইন্টারনেটে কাজ করা যায়। বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে আয়ও নাকি হয় ভালো।’ বললেন রাসেল আহমেদ। জানা তো হলো, কিন্তু কাজটা তিনি শিখবেন কোথায়? ভেড়ামারায় একটা কম্পিউটারের দোকান ছিল, সেখানে শিখতে গেলেন। ‘কোর্স করার টাকা তো নেই। তখন ওই ১০০ টাকা বেতনে দোকানটায় চাকরি নিলাম।’ সেখানেই ওয়েবসাইট তৈরি করা শিখলেন তিনি। কম্পিউটার প্রোগ্রামিং আয়ত্ত করলেন। অনলাইনে আউটসোর্সিংয়ের কাজ পাওয়ার ওয়েবসাইট (মার্কেটপ্লেস) ওডেস্কে ২০১১ সালের ডিসেম্বরে নিবন্ধিত হলেন রাসেল। ‘প্রথম প্রথম সিস্টেম ঠিকমতো বুঝতাম না। তাই প্রথম কাজ পাই চার মাস পর। ’
এরপর এগিয়ে চলা। মাস ছয়েকের মধ্যেই আউটসোর্সিংয়ের কাজ করে তাঁর আয় দাঁড়ায় মাসে এক লাখ টাকা। শুরুতে মার্কেটপ্লেসে কাজ করতেন, তারপর সরাসরি বায়ারের সঙ্গে। আর এখন নিজের তৈরি অনেক প্রোগ্রাম বিক্রি করেন এনভ্যাটো ওয়েবসাইটের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের পারফেক্ট পয়েন্ট মার্কেটিং নামের একটা কোম্পানির অংশীদারও রাসেল আহমেদ।
নিজে যখন ভেড়ামারায় বসে ডলারে আয় করা শুরু করলেন, তখন ভাবলেন, ‘একা একা কেন আয় করব?’ নিজের বাড়িতে, জমির আলে বসে ল্যাপটপ হাতে আশপাশের তরুণদের শেখাতে শুরু করলেন তথ্যপ্রযুক্তির নানা বিষয়। নিজে যা পারেন, সেসব বিষয়ের ওপর ভিডিও বক্তৃতা তৈরি করে দিতে থাকেন ইউটিউবে।
২০১২ সালের জুন মাসে রাসেল প্রতিষ্ঠা করেন আরআর ফাউন্ডেশন। একটা ‘আর’ তো রাসেল, আরেকটা ‘আর’ কে? ‘রাজিবুল ইসলাম, সে সময় ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। আমাকে খুব উৎসাহ দিতেন। বদলি হয়ে গেলেও তিনি এখনো আমাদের সঙ্গে আছেন।’ বললেন রাসেল।
আরআর ফাউন্ডেশন এখন তিন মাসমেয়াদি আউটসোর্সিং প্রশিক্ষণ দেয়। আর তা একেবারে বিনা মূল্যে। ‘আমাদের ওয়েবসাইট (www.rrfoundation.com) ও ইউটিউবে ৭০০-এর বেশি ভিডিও টিউটোরিয়াল আছে। এসব দেখে অনেকে কাজ শেখে। তাদের মধ্য থেকে বাছাই করে ৯০ জনকে আমরা প্রশিক্ষণ দিই।’ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভেড়ামারায় তরুণেরা আসেন প্রশিক্ষণ নিতে। তাঁদের জন্য আছে আবাসিক ব্যবস্থা। থাকা-খাওয়ার খরচটা শুধু দেন প্রশিক্ষণার্থীরা। তাঁর ইচ্ছা, প্রতি ব্যাচে এক হাজার ছেলেমেয়েকে প্রশিক্ষণ দেবেন। সে জন্য ছয়তলা ভবন উঠছে ভেড়ামারাতেই। রাসেল বলছিলেন, ‘আমরা অনাথ শিশুদের কম্পিউটার ও ইন্টারনেটও শেখাই।’ এখানে প্রশিক্ষণ দেন তাঁর ভাইবোন ও স্ত্রী। বাঁশের ডালা-কুলা তৈরি করে, ‘কোল’ নামের এমন একটি সম্প্রদায়ের শিশুরাও রাসেলের কাছে পায় কম্পিউটার শিক্ষা। ‘কিছু বাচ্চার সাধারণ শিক্ষার খরচও আমরা দিয়ে দিই।’ গত বছরের আগস্টে তামান্না ইসলামকে বিয়ে করেছেন রাসেল। স্ত্রী তামান্না বলেন, ‘অতীতকে মনে রেখেই রাসেল এগিয়ে যাচ্ছে। তাই নিজে যা জানে, সবার মধ্যে তা ছড়িয়ে দিচ্ছে।’ শেষে রাসেল যোগ করলেন, ‘আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখে আউটসোর্সিং শিখে পাঁচ থেকে ছয় হাজার ছেলেমেয়ে নিজের জীবন বদলে নিয়েছে।’
রাসেল আহমেদের গল্পটা তাই নিছক একা এগিয়ে যাওয়ার গল্প নয়, অনেককে নিয়ে এগিয়ে যাওয়ার গল্প।