নিজেই তৈরি করুন স্ক্রিন পরিষ্কারের স্প্রে (ভিডিও)
স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটারের স্ক্রিন, কিবোর্ড, মাউসের মত কম্পিউটার যন্ত্রাংশ পরিষ্কার করার জন্য যত দামি স্প্রে-ই কিনুন না কেনো, মূল উপাদান হিসেবে তাতে পানি আর অ্যালকোহল থাকবেই। অথচ চাইলে নিজে থেকে খুব সহজেই এ ধরনের স্প্রে আপনিও তৈরি করতে পারেন; যা বাজার থেকে কেনা যে কোনো স্প্রের মতোই কার্যকর হবে। এছাড়া নিজে তৈরি করলে কম খরচে বেশি পরিমাণে স্প্রে তৈরি করা সম্ভব হবে। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এ ধরনের স্প্রে তৈরির করার একটি পদ্ধতি বিবরণ প্রকাশ করেছে। এ স্প্রে তৈরি করতে প্রয়োজন হবে ৮ আউন্স পরিমাণ ৭০ শতাংশ আইসোপ্রোপাইরল অ্যালকোহল ও ৮ আউন্স ডিসটিলড ওয়াটার এবং ছোটো আকারের একটি স্প্রে বোতল। ডিসটিলড ওয়াটার ছাড়া অন্য কোনো পানি ব্যবহার না করাই শ্রেয়, কারণ অন্য পানিতে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে। বোতলে পরিমাণ মতো অ্যালকোহল ঢেলে পরবর্তীতে তাতে সমপরিমাণ পানি যোগ করে এর মুখটি বন্ধ করে মিশ্রণটি ঝাঁকিয়ে নিতে হবে। মনে রাখার সুবিধার জন্য বোতলের গায়ে মার্কার দিয়ে স্প্রের নামটি লিখে রাখা যায়। মিশ্রণের জন্য আইসোপ্রোপাইরল অ্যালকোহলের বিকল্প হিসেবে সাধারণ ভিনেগারও ব্যবহার করা যায়। তবে ভিনেগার ব্যবহার করলে তা শুকাতে তুলনামূলকভাবে বেশি দেরি হবে।