নিজেই হয়ে যাও নিজের টিউটর
প্রথম আলো ও মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের উদ্যোগে ‘মাই স্টাডি’ নামের স্মার্টফোনের একটি অ্যাপ তৈরি হয়েছে। আজ বুধবার রাজধানীর বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়ে এই অ্যাপসের উদ্বোধন করা হয়। পরীক্ষামূলকভাবে আগামী বছরের মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলবে।
এই অ্যাপস ডাউনলোড করে শিক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে পড়াশোনা করতে পারবে। পরীক্ষা দিয়ে নিজের অবস্থানও জানতে পারবে। অ্যাপটির স্লোগান হচ্ছে ‘নিজেই হয়ে যাও নিজের টিউটর’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ ইমরান আহমেদ অ্যাপটির উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান ডিজিটাল যুগে এ ধরনের অ্যাপ শিক্ষার প্রসার ঘটাতে দারুণ সহায়ক ভূমিকা পালন করবে। এটি জনপ্রিয় হলে সবাই লাভবান হবে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম শিক্ষার্থীদের বলেন, এই অ্যাপ তৈরি করা হয়েছে দেশের সেরা শিক্ষকদের লেখা ও পরামর্শ দিয়ে। এটি সফলভাবে চালু হলে নোট বাইয়ের পেছনে ছুটতে হবে না। তথ্যপ্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে পিছিয়ে পড়লে চলবে না। এতে পিছিয়ে পড়লে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলেতে পারবে না।
প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান বলেন, এই অ্যাপ শিক্ষকদের ওপর চাপ কমাবে। এটি ব্যবহার করলে শিক্ষার্থীদের কোচিং সেন্টারের পেছনে দৌড়াতে হবে না। এটি ব্যবহার করলে যখনই তাদের সহায়তা দরকার, তখনই সহায়তা পাবে।
অ্যাপটির নানা দিক তুলে ধরে গ্রামীণ ফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, গুগল প্লে স্টোর থেকে ‘মাই স্টাডি’ নামের মোবাইলের অ্যাপটি ডাউনলোড করা যাবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাপটি শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে। এতে এখন নবম-দশম শ্রেণির ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিত দেওয়া আছে। ধাপে ধাপে অন্য বিষয়গুলোও এখানে অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষার্থীরা এখানে যেমন পরীক্ষা দিতে পারবে, তেমনি নিজের নম্বরও জেনে নিতে পারবে। তিনি বলেন, প্রযুক্তি-সুবিধা ব্যবহারের ক্ষেত্রে শহুরে ও গ্রামীণ স্কুলগুলোর মধ্যে যে অসাম্য, তা দূর করার মাধ্যমে ইন্টারনেট কীভাবে শিক্ষা বিপ্লবের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, প্রকল্পটি তার একটি উদাহরণ।
টেলিনরের ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান ব্যবসায় কর্মকর্তা গুনার সেলেগ বলেন, আমরা বাংলাদেশেই প্রথম এ ধরনের একটি অ্যাপস চালু করলাম। আস্তে আস্তে এটি বিশ্বের অন্যান্য দেশেও চালু করার পরিকল্পনা আছে আমাদের। অনুষ্ঠানে জানানো হয়, গ্রামীণফোনের সিমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে এই অ্যাপটি ব্যবহার করলে কোনো টাকা লাগবে না।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী নাসির আহমেদ, বাংলাদেশ ব্যাংক স্কুল কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার এ এন এম আবুল কাশেম বক্তব্য দেন।