নিজেকে ঘিরে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কিছু রহস্য থাকে যা দেখা যায় না বা কখনো ছোঁয়া যায় না কিন্তু ঠিকই তার উপস্থিতি ও অশরীরী ক্ষমতা প্রতি মুহূর্তে অনুভব করা যায়। তেমন এক গল্প নিয়ে অ্যালেন ওয়েক গেমেন কাহিনি গড়ে উঠেছে। মজার ব্যাপার হচ্ছে, গেমে লেখক এবং মূল চরিত্র হবেন আপনি নিজেই আর আপনাকে ঘিরে হবে সব রহস্যের সৃষ্টি। রেমেডি এন্টারটেইনমেন্টের তৈরি গেমটি এক্সবক্স ৩৬০ এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম-চালিত কম্পিউটারে খেলা যাবে। মূল গল্পের শুরু অ্যালেন ওয়েক নামের রোমাঞ্চকর মনস্তাত্ত্বিক এক ঔপন্যাসিককে নিয়ে। লেখক তাঁর মানসিক সুস্থতার জন্য শহর ছেড়ে ব্রাইট ফলসে যাবেন। পথে ঘুমিয়ে পড়লে অদ্ভুত স্বপ্নে অতিপ্রাকৃত ডার্কনেস নামের এক অশরীরী আত্মার সঙ্গে তাঁর দেখা হবে। আবার স্বপ্নেই আরেক শুভশক্তি ডার্কনেসের বিরুদ্ধে লড়াই করার কৌশল তাঁকে শিখিয়ে দেবে। গেমের মূল রহস্য শুরু হবে অ্যালেনের স্ত্রী অ্যালিসকে খোঁজার মাধ্যমে। মোট ছয় অধ্যায়ে ১৫ ঘণ্টার টিভি সিরিয়ালের মতো আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে গেমকে।
গেমে অন্ধকার থাকবে শত্রু হয়ে আর বন্ধু হবে আলো। তাই ল্যাম্পপোস্ট, আলোকোজ্জ্বল ঘরবাড়িই আপনার জন্য হবে নিরাপদ। কখনো প্রতিপক্ষ হবে সাধারণ মানুষ, যাদের ঘিরে রয়েছে অশুভ অন্ধকার। কখনো আবার কালো কুচকুচে হিংস্র কাকের দল হামলা করবে। আর তাদের মোকাবিলা করতে কনসেনট্রেটেড আলো দিয়ে অন্ধকার দূর করতে হবে। গুলি করতে হবে ডার্কনেস আক্রান্তদের। সে জন্য থাকবে রিভলবার, রাইফেল, ডাবল ব্যারেল শটগান, পাম্প অ্যাকশন শটগান। আরও থাকবে পাওয়ারফুল টর্চ, ফ্ল্যাশব্যাগ গ্রেনেড, ফ্লেয়ার, ফ্লেয়ারগান। ছড়িয়ে-ছিটিয়ে থাকা জেনারেটরে চালিত লাইট আপনাকে ভয়ানক বিপদের সময় সাহায্য করবে। বড় চ্যালেঞ্জ হবে অন্ধকারে কাউকে দেখতে পাওয়া। তাই হাতের কাছে টর্চটা প্রস্তুত রাখতে হবে। টিপিএস গেম হওয়ায় গেমের চরিত্রকে ডানে-বামে নিয়ে খেলার সুবিধা আছে। আর মিউজিকের মাধ্যমেই বুঝে নিতে হবে সামনে কী বিপদ অপেক্ষা করছে! খেলতে গিয়ে পরিবেশের সঙ্গে শব্দের চমৎকার মিশ্রণ আর অসাধারণ গ্রাফিক্যাল ইফেক্ট আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। গা-ছমছমে এই রহস্য ভেদ করতে জলদি তৈরি হয়ে নিন।
খেলতে যা লাগবে
প্রসেসর: ইন্টেল কোয়াড কোর ২.৬৬ গিগাহার্টজ অথবা এএমডি ৩.২ গিগাহার্টজ
গ্রাফিকস: জি-ফোর্স জিটিএক্স ২৭৫ অথবা রেডিয়ন এইচডি ৪৮৭০
র্যাম: ৪ গিগাবাইট
হার্ডডিস্ক ড্রাইভ: ৮ গিগাবাইট ফাঁকা জায়গা
ডিরেক্টএক্স: ১১