
আমার মনে হয়, তরুণদের এই ভাবনার ধরনটা এখন ভিন্ন। তাঁরা নিজের দক্ষতা বাড়ানো, আত্মিক উন্নয়ন—এসব নিয়ে ভাবেন। তাঁর নিজের উন্নতি মানে কিন্তু দেশের উন্নতি। তাই নিজেকে নিয়ে ভাবাটা দোষের নয়। তবে নিজের উন্নয়নের জন্য যদি অন্যের ক্ষতি হয়, তবে সেটা দোষের। বর্তমানে অনেক তারুণ্যনির্ভর সংগঠন গড়ে উঠেছে দেশে। তারা কিন্তু কাজ করছে দেশের জন্য, সমাজের জন্য। অনেক তরুণ শুরু করতে চাইলেও নানা বাধায় হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছেন। আমরা কি সেটাকে আত্মকেন্দ্রিক হয়ে যাওয়া বলব? আমার মনে হয় সেটা ঠিক হবে না। বরং বড়দের উচিত তাঁকে উৎসাহ দেওয়া। আমাদের অনেকেই নতুন সব ধারণার জন্ম দিচ্ছেন। সেটাকে কীভাবে কাজে লাগানো যায়, অভিভাবকেরা যদি সেদিকে উৎসাহ দেন, তাহলে তরুণেরা আরও বেশি কাজে লাগবেন। বড়দের উচিত তাঁর ভাবনাগুলোকে সম্মান দেখানো, সেখানে অনেক অসংগতি থাকতে পারে, সেটা আপনারা ঠিক করে দিন, কিন্তু তরুণদের নিরুৎসাহী করা যাবে না।
করভী রাখসান্দ, প্রতিষ্ঠাতা, জাগো ফাউন্ডেশন