নিজেকে ভণ্ড মনে হয়?
জে কে রাওলিংয়ের ‘হ্যারি পটার’ সিরিজের চলচ্চিত্রে অভিনয় করে অল্প বয়সেই নাম-যশ-খ্যাতি সবই পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন। নিজের যোগ্যতা, মেধা ও সৌন্দর্যের গুণেই তিনি পেয়েছেন এসব। এর পরও তাঁর মাঝেমধ্যে মনে হয়, এত কিছু পাওয়ার মতো যোগ্যতা তাঁর নেই। তিনি বোধ হয় প্রতারণা করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমা ওয়াটসন তাঁর এই অনুভূতির কথা জানিয়েছেন। আমাদের অনেকেরও তাঁর মতো একই অনুভূতি হতে পারে জীবনের কোনো না কোনো সময়। নিজের যোগ্যতাবলেই অনেক কিছু বা যথাযোগ্য সফলতার পরেও মনে হতে পারে, ‘আমি কি এত কিছুর যোগ্য? প্রতারণা করিনি তো?’
মনের মধ্যে এমন সব অনুভূতি যখন চাড়া দিয়ে ওঠে, তখন মনে হয়, ‘এত কিছু পাওয়ার যোগ্যতা আমার কই? নিশ্চয় কোথাও কোনো ভুল আছে। হয়তো কাকতালীয়ভাবে সবকিছু ঘটে গেছে। সঠিক সময়ে সঠিক স্থানের থাকতে পারার কারণেই হয়তো সৌভাগ্যবশত এত কিছু পেয়ে গেছি। আমার ঘাটতির বিষয়টি কেউ হয়তো যেকোনো সময় ধরে ফেলতে পারে। তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে।’
এমন পরিস্থিতিতে নিজেকে ভণ্ড বা কপট মনে হয়। তবে এই মানসিকতা খুব অস্বাভাবিক কিছু নয়। ১৯৮৫ সালে টাইম সাময়িকীতে এক নিবন্ধে বলা হয়েছিল, প্রায় ৭০ শতাংশ মানুষের ক্ষেত্রে জীবনের কোনো না কোনো সময় এমন অনুভূতি হতে পারে। এটা স্বাভাবিক এবং একটা সময় পর মানুষ তা কাটিয়ে উঠতেও পারে। নিউজিল্যান্ড হেরাল্ড।