নিজেদের গল্প শোনালেন ফ্রিল্যান্সাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবারক হোসেন কাজ করতেন ব্যাংকে। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন রসায়নে। পরবর্তী সময়ে এমবিএ করেন। মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে আউটসোর্সিংয়ের কাজ শুরু করেন ডেটা এন্ট্রি দিয়ে।প্রথমে খুবই সামান্য টাকা পান এ কাজ করে। তারপর অনেক দিন এ কাজের সঙ্গে লেগে থাকেন মোবারক হোসেন। অবশেষে আসে সাফল্য। শনিবার সফল ফ্রিল্যান্সার মোবারক হোসেন শোনান তাঁর গল্প। পাশাপাশি ছিল সফল ১০০ জন মুক্ত পেশাজীবীর কথা। ঢাকার এডওয়ার্ড কেনেডি সেন্টারে প্রিয় ডট কম ফ্রিল্যান্সারদের নিয়ে এ আয়োজন করেছিল। প্রিয় ডট কমে ‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ শিরোনামে ব্লগ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সে প্রতিযোগিতা থেকে ১০০ জনকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। এ অনুষ্ঠানের সহযোগী ছিল ওডেস্ক ও ইল্যান্স।১০০ জন আমন্ত্রিত ফ্রিল্যান্সারের এ আয়োজনে ২০ জন ভিডিও ক্যামেরার সামনে তাঁদের নিজেদের কথা তুলেধরেন।অনেকেই জানান, এ কাজ বিশ্বের কাছে নিজের দেশকে তুলে ধরার একটি মাধ্যম। এ পেশায় আসতে হলে সবকিছু বুঝেশুনে আসতে হবে। কাজ শুরু করার কিছুদিনের মধ্যেই ডলার আয়ের জন্য অপেক্ষায় বসে থাকলে হবে না। একইসঙ্গে ভালোভাবে কাজও করতে হবে। সরকার যদি এই আউটসোর্সিংয়ে জড়িতদের সহযোগিতা করে, তাহলে ফ্রিল্যান্সাররা অনেক বৈদেশিক মুদ্রা আয় করতে পারবেন।পুরো আলোচনা সঞ্চালনা করেন প্রিয় ডট কমের সম্পাদক জাকারিয়া স্বপন। তিনি বলেন, ‘এই ভিডিও নাইটের মূল উদ্দেশ্য হলো, ফ্রিল্যান্সারদের নিজেদের একটি কমিউনিটি তৈরিতে সাহায্য করা, একে অপরকে চেনা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।’অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেন, ফ্রিল্যান্সারদের মধ্য থেকে আগামী দিনের উদ্যোক্তা বেরিয়ে আসবেন। প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন বলেন, ‘ফ্রিল্যান্সাররা আমাদের দেশের গর্ব।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান, ওডেস্কের মাহমুদ হাসানসহ অনেকে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রিল্যান্সার লেখা ব্লগ ও বক্তৃতার ভিডিও দিয়ে একটি ই-বুক প্রকাশ করা হবে।প্রিয় ডট কমের ব্লগ প্রতিযোগিতায় সহযোগিতা করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস ও স্মার্ট টেকনোলজিস। —নিজস্ব প্রতিবেদক