নিজের গ্রামকে তুলেধরে জাপান ভ্রমণের সুযোগ পেলেন ছয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবের মাধ্যমে নিজের গ্রাম বা ইউনিয়নকে তুলে ধরা ছিল প্রতিযোগিতা। আর পুরস্কার ছিল জাপান ভ্রমণ। ‘আমার গ্রাম আমার গর্ব’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার ঢাকার সিএ ভবন মিলনায়তনে। বিচারকদের রায়ে জাপানে ১০ দিনের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন ছয়জন। জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় এবং অ্যাসোসিয়েশন ফর ওভারসিজ টেকনিক্যাল স্কলারশিপের সহযোগিতায় গ্রামীণ কমিউনিকেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।দুটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভিডিও বিভাগে বিজয়ী হয়েছেন জাহেদুল হক, জাকির লস্কর ও মহিউদ্দিন আহমেদ এবং এইচটিএমএলএ বিভাগে বিজয়ীরা হলেন এডওয়ার্ড মৃধা, নারগিস ফাতেমা ও আল আমিন কবির।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপান দূতাবাসের প্রথম সচিব ইয়াশহিরো সিনোতো, গ্রামীণ কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, সুবাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান, গ্রাম ওয়েবের প্রকল্প ব্যবস্থাপক লুতফে কবির, কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আসির আহমেদ, গ্রাম ওয়েবের পরামর্শক রফিকুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা বলেন, ‘আমরা চাই, গ্রাম থেকে উদ্যোগ উঠে আসুক, উদ্যোক্তা আসুক। তাহলে একেবারে তৃণমূল পর্যায় থেকে আমরা উন্নতি করতে পারব। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারব।’নিজের গ্রাম বা এলাকার গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত খুঁজে বের করে সেগুলো সব মানুষের কাছে তুলে ধরা, নিজের কৃষ্টি-সংস্কৃতি সবার কাছে পৌঁছে দিতে উৎসাহ দেওয়ার জন্যই মূলত এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত বছরের ২২ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। ইন্টারনেটের জন্য নিজের গ্রামভিত্তিক ওয়েবসাইট বা ভিডিও চিত্র তৈরি করতে হয়েছিল প্রতিযোগীদের। —মোহাম্মদ আলী