নিজের নিয়ম গড়ো: টিম কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচলিত নিয়মের বদলে শিক্ষার্থীদের নিজের নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। গত ২৯ মে যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠানে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে টিম কুক নিজের নিয়ম মেনে চলার এ পরামর্শ দেন। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে বিজনেস ইনসাইডার।সমাবর্তন অনুষ্ঠানে টিম কুককে এক শিক্ষার্থী প্রশ্ন করেন, কখন প্রচলিত নিয়ম ভেঙে বেরিয়ে আসা উচিত? এ প্রশ্নের জবাবে টিম কুক বলেন, ‘আমার মনে হয়, আপনাদের খুব কমই প্রচলিত নিয়ম মানা উচিত; বরং উচিত নিজের নিয়ম তৈরি করা। আপনারা যদি ফর্মুলা বা নিয়ম মেনে কাজ করেন, সবার মতো নির্দিষ্ট একটি পর্যায়ে পৌঁছাতে পারবেন। আপনি যদি তার চেয়েও বেশি দূরে যেতে চান, তবে নিয়ম মেনে তা করা সম্ভব নয়। আমার দেখা অনেক প্রতিষ্ঠানই সেটা করছে। আর আমার মতে, সেটা মামুলি আর পুরোনো এক কৌশল। সবার নিজের নিয়ম ঠিক করে নেওয়া উচিত বলেই আমি মনে করি।’যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ২০১১ সালে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস মারা যাওয়ার পর অ্যাপলের দায়িত্ব বেশ ভালোভাবেই সামলাচ্ছেন টিম কুক। বিশ্বের অন্যতম লাভজনক ব্যবসা ধরে রাখা ও অ্যাপলকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়লেও অবিচল রয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রযুক্তি বিশ্লেষকেরা প্রশ্ন তুলেছেন, স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের চেয়েও পিছিয়ে পড়েছে অ্যাপল। বর্তমান পরিপ্রেক্ষিতে টিম কুক কীভাবে নিয়ম ভেঙেছেন?সমালোচনার মুখেও অবিচল টিম কুক সম্প্রতি অল থিংস ডিজিটালকে এক সাক্ষাত্কারে জানিয়েছেন, অ্যাপল মানসম্মত পণ্য উত্পাদন ও ভোক্তা সন্তুষ্টির দিকে খেয়াল রাখে। পরিমাণের চেয়ে গুণগত মান নিশ্চিত করতে চেষ্টা করে।ব্যবসার সূত্র বলে, অধিক উত্পাদন করলে অধিক লাভ আসবে। তবে হয়তো এ নিয়মটির ব্যত্যয় ঘটিয়েছেন টিম কুক।