নিজের নিরাপত্তা নিতে পারে যে স্মার্টফোন

দুর্বৃত্তের হাতে পড়লে ফোন স্বয়ংক্রীয়ভাবে তথ্য মুছে ফেলতে পারবে। জেমস বন্ডের চলচ্চিত্রে দেখানো এমন স্মার্টফোন এখন বাস্তবেই হাতের নাগালে চলে এসেছে।
বিমান নির্মাতা হিসেবে সুপরিচিত বোয়িং তৈরি করেছে এমন স্মার্টফোন। আর এ স্মার্টফোনে যে প্রযুক্তি রয়েছে তা ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করবে বলেই দাবি করেছে প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে
জেমস বন্ড সিরিজের ছবিতে যে ধরনের স্মার্টফোন দেখানো হয় বোয়িংয়ের তৈরি ব্ল্যাক স্মার্টফোনটি অনেকটাই সেরকম। ২৫ মার্চ বুধবার এই স্মার্টফোন উন্মুক্ত করেছে বোয়িং।
স্মার্টফোনটিতে এনক্রিপটিং কল করার পাশাপাশি স্বয়ংক্রিয় তথ্য মুছে ফেলার বিশেষ প্রযুক্তি রয়েছে। স্মার্টফোনটির কেসিং খোলার চেষ্টা করা হলেও স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোনটির তথ্য মুছে যাবে।
বোয়িং দাবি করেছে এটি ‘নিরাপদ’ ফোন। এ ফোনটি মার্কিন বিভিন্ন সরকারি সংস্থার কর্মীরা নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহার করতে পারবেন।
যুক্তরাষ্ট্রে তৈরি ব্ল্যাক ফোনে ব্যবহূত হয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। ৫.২ ইঞ্চি মাপের স্মার্টফোনটিতে দুই সিম সমর্থন করে। এতে ওয়াই-ফাই, ব্লুটুথ রয়েছে। এলটিই, জিএসএমএ, ডব্লিউসিডিএমএ প্রভৃতি নেটওয়ার্ক এটি সমর্থন করবে।