নিজের প্রতিষ্ঠান থেকে বিল গেটসকে তাড়ানোর ফন্দি!

মাইক্রোসফট থেকে সরে দাঁড়াতে বিল গেটসের ওপর চাপ বাড়ছে। এ চাপ দিচ্ছেন প্রতিষ্ঠানটির প্রভাবশালী বিনিয়োগকারীরা। প্রযুক্তিবিশ্বে বিল গেটস একজন সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। এবার আঙুল উঠল তাঁর দিকেও। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।
মাইক্রোসফটের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মাইক্রোসফটের শীর্ষ ২০ জন বিনিয়োগকারীর মধ্যে তিনজন মাইক্রোসফটের পরিচালনা পর্ষদে বিল গেটসের সরে যাওয়ার বিষয়ে তদবির শুরু করেছেন। ৩৮ বছর আগে প্রতিষ্ঠা করা নিজ প্রতিষ্ঠান থেকে সরে যাওয়ার জন্য বিল গেটসের ওপর চাপ দিতে চাইছেন তাঁরা।
এদিকে, সম্প্রতি মাইক্রোসফটের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্টিভ বালমার। মাইক্রোসফটের উদ্ভাবন ও নতুন পরিকল্পনা নিয়ে তিনি দীর্ঘদিন সমালোচনার মুখে ছিলেন। স্টিভ বালমারের বিদায়ের পর এবার অনেকেই আঙুল তুলছেন বিল গেটসের দিকেও।
মাইক্রোসফট কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিল গেটসকে নিয়ে আঙুল ওঠাতে গিয়ে মাইক্রোসফটে কার কতটুকু মালিকানা রয়েছে, সে প্রশ্নও উঠছে। মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ তিনজন বিনিয়োগকারীর দাবি গুরুত্ব দিচ্ছে। আর গুরুত্ব দেওয়ার কারণ হলো, এ তিনজন মিলে মাইক্রোসফটের ৫ শতাংশ শেয়ারের মালিক। অবশ্য তাঁদের পরিচয় এখনই প্রকাশ করতে চান না তাঁরা। ২৭৭ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক মূল্যমানের প্রতিষ্ঠান মাইক্রোসফটের সাড়ে চার শতাংশ শেয়ারের মালিকানা বিল গেটসের। প্রতিষ্ঠানটিতে একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ শেয়ারের মালিকানা গেটসের।
মাইক্রোসফটে বিনিয়োগকারী ওই তিনজনের দাবি, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে বিল গেটসের উপস্থিতি থাকায় নতুন কোনো পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে নানা রকম বাধা আসে। মাইক্রোসফটে নতুন প্রধান নির্বাহী যোগ দিলে প্রতিষ্ঠানটিতে যে যে পরিবর্তন দরকার, সে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। বিল গেটসের দাতব্য কাজে বেশি সময় ও অর্থ ব্যয়ের বিষয়টিও হিসাবে আসছে।
১৯৮৬ সালে শেয়ারবাজারে আসার আগে মাইক্রোসফটের ৪৯ শতাংশ মালিকানা ছিল বিল গেটসের। কিন্তু অধিকাংশ শেয়ার পূর্বপরিকল্পনা অনুযায়ী বিক্রি করে ফেলেছেন তিনি। এ অবস্থায় ২০১৮ সাল নাগাদ মাইক্রোসফটে বিল গেটসের আর কোনো শেয়ার না-ও থাকতে পারে।
২০০০ সালে স্টিভ বালমারকে প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়ার সময় থেকে মাইক্রোসফটের দৈনন্দিন কাজ ও অন্যান্য বিষয় থেকে নিজেকে সরিয়ে নেন বিল গেটস। ২০০৮ সালে তিনি ৩৮ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং দাতব্য কাজে বেশি মনোযোগ দেন।
চলতি বছরের আগস্ট মাসে এক ঘোষণায় মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বালমার বলেন, আগামী এক বছরের মধ্যেই মাইক্রোসফটের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। বর্তমানে মাইক্রোসফট স্টিভ বালমারের উত্তরসূরির খোঁজ করছে। মাইক্রোসফট এমন একজনকে খুঁজছে, যিনি মাইক্রোসফটের নতুন উদ্ভাবনী পণ্য বাজারে আনবেন; সফটওয়্যার ব্যবসাকে নতুন দিশা দেবেন; গেম কনসোল, ট্যাবলেট ও মোবাইল ফোনের নতুন পরিকল্পনা সাজাবেন। মাইক্রোসফটের বেশ কয়েকজন বিনিয়োগকারী মনে করেন, মাইক্রোসফটের প্রধান নির্বাহী যিনি হবেন, তাঁকে অবশ্যই পরিকল্পনার ছাঁদে বেঁধে ফেলা যাবে না।
মাইক্রোসফট এখনো বিশ্বের দামি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ২০১২ সালে প্রতিষ্ঠানটি ২২ বিলিয়ন মার্কিন ডলার লাভের মুখ দেখেছে। কিন্তু ট্যাবলেট কম্পিউটার ও মোবাইল ফোন প্রযুক্তির জনপ্রিয়তার কারণে মাইক্রোসফটের প্রধান দুই পণ্য উইন্ডোজ ও অফিস সফটওয়্যার বর্তমানে হুমকির মুখে পড়েছে।
সমালোচনা হচ্ছে যে, এক দশক ধরে মাইক্রোসফটের শেয়ারের দামে বড় পার্থক্য চোখে না পড়লেও অ্যাপল ও গুগলের মোবাইল ফোন প্রযুক্তির কাছে মাইক্রোসফট পিছিয়ে পড়েছে।
মাইক্রোসফটের একটি সূত্র রয়টার্সকে জানায়, বিল গেটস প্রযুক্তিবিশ্বের একজন অগ্রদূত হলেও তিনি যখন মাইক্রোসফট দেখাশোনা করতেন, তখনই বেশি কার্যকর ছিলেন। বিল গেটস প্রধান নির্বাহী থেকে চেয়ারম্যান পদে যাওয়ার পর থেকে তাঁর প্রভাব কমে গেছে।