নিজের ভাষায় কথা বলা রোবট
অস্ট্রেলিয়ায় দুটি রোবট পরস্পরের সঙ্গে কথা বলছে। তবে তারা মানুষের ভাষায় নয়, নিজেদের ভাষায় কথা। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় লিনগোড্রয়েডস নামে এ দুটি রোবট তৈরি করেছে। রোবট তৈরির প্রকল্পের পরিচালক রুথ শুলজ বলেন, রোবট দুটি নিজেদের মধ্যে কথা বলছে এবং অর্থপূর্ণ যোগাযোগ করছে। তিনি বলেন, রোবট দুটি হচ্ছে আসলে চাকার ওপর বসানো দুটি ল্যাপটপ কম্পিউটার। তবে এসব ল্যাপটপে সংযোজন করা হয়েছে সোনার (প্রতিফলিত শব্দতরঙ্গের সাহায্যে পানিতে নিমজ্জিত বস্তুর সন্ধান ও তার অবস্থান নির্ণয় করার যন্ত্র), একটি ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার। রোবট দুটি চাকাতে শব্দ তুলে ঘরময় হেঁটে বেড়ায় এবং সামনে কোনো বাধা পেলে যেমন, টেবিল চেয়ার সামনে পড়লে সে ব্যাপারে তারা পরস্পরকে সংকেত পাঠায় । একটি আরেকটি থেকে দূরে সরে গেলে সংকেত পাঠিয়ে পরস্পরকে খোঁজে তারা। নির্দেশ দেয় কোথায় গেলে তাদের খোঁজ পাওয়া যাবে। রোবটরা যেসব শব্দ উচ্চারণ করে তার মধ্যে রয়েছে ‘পাইজ, ‘জায়া’, ‘কুজো’ ইত্যাদি। শুলজ বলেন, তারা রোবটের কথা বলার ব্যাপারে কাজ করে যাচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এমন একটা সময় আসবে যখন তারা মানুষের সঙ্গে অনর্গল মানুষের ভাষায় কথা বলবে। সেদিন আর বেশি দূরে নেই। —রয়টার্স অবলম্বনে রোকেয়া রহমান