নিজের মতো চলতে চাই

কী হতে চাই, কী হতে চাই না—এভাবেই তো অনেক সময় পেরিয়ে গেল। হতে চেয়েছিলাম একজন ক্রিকেটার। কিন্তু তখন পারিবারিক অসংগতির কথা চিন্তা করে ওখানে অতটা মনোযোগী হওয়া হয়নি। এখন স্বপ্ন দেখি, সফল পেশাজীবী হওয়ার, যার মাধ্যমে আমি পরিবার ও সমাজে ভূমিকা রাখতে পারব। আর স্বপ্ন দেখি, লোকচক্ষুর আড়ালে সমাজের সেবা করা। আমি কোনো প্রচার চাই না। প্রচার ছাড়া কাজ করার মানুষ এখন সমাজে খুব কমে যাচ্ছে। তাই আমি নীরবে কাজ করে যেতে চাই। নিজের মতো করে চলতে চাই। আমি চাই তাদের সেবা করতে যাদের কাছে সরকারি বা বেসরকারি সাহায্য গিয়ে পৌঁছায় না, যারা একটি চাদর বা পথ থেকে কুড়িয়ে পাওয়া ব্যানার গায়ে দিয়ে শীতের রাত কাটায়, যারা রিলিফের চাল আনতে গিয়ে বা জাকাতের কাপড় আনতে গিয়ে প্রতারিত হয়। আমার বিবেক আমাকে পোড়ায়। মনে হয়, তাদের জন্য কিছু করা উচিত। সর্বশেষ আমি একজন ভালো মানুষ হয়ে সবার মাঝে থাকতে চাই, এই স্বপ্ন দেখি। আমার স্বপ্ন পূরণ হোক; নিজেই নিজেকে আশীর্বাদ করি!