নিজের শক্তি সম্পর্কে আত্মবিশ্বাস থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মতো উন্নয়নশীল ও সম্ভাবনাময় দেশে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে জীবনযাপনের নানা সমস্যার সমাধান সম্ভব৷ আমাদের প্রত্যেককেই নিজ নিজ
জায়গা থেকে দেশের জন্য কিছু করতে হবে৷ সে জন্য দরকার নিজের সম্ভাবনা ও শক্তি সম্পর্কে আত্মবিশ্বাস থাকা৷ যিনি যে কাজে দক্ষ, তাঁকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে
সেই কাজই করে যেতে হবে। তবেই এগিয়ে যাবে বাংলাদেশ। গতকাল বুধবার ঢাকার বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত এক আড্ডায় এসব কথা বলেন ইউনিভার্সিটি অব
আলাবামা অ্যাট বার্মিংহামের সহকারী অধ্যাপক রাগিব হাসান৷ এ আড্ডার আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব
সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং উইকিমিডিয়া বাংলাদেশ৷
শিক্ষকতার পাশাপাশি নানা পরিচয় রয়েছে বাগিব হাসানের৷ তিনি ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাট৷ নিজের উদ্যোগে চালু করেছেন
অনলাইন ভিডিওভিত্তিক দূরিশক্ষণের ওয়েবসাইট শিক্ষক ডট কম এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বাংলা ব্রেইল প্রকল্প৷ আড্ডায় রাগিব হাসান শিক্ষক ডট কম, বাংলা
ব্রেইলের শুরুর কথা বলেন৷
সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্ব দিয়ে রাগিব হাসান আড্ডায় বলেন, ‘শিক্ষক বা বাংলা ব্রেইল আসলে অনেক মানুষের সম্মিলিত প্রয়াস৷ অনেক মানুষ এক হয়ে কাজ
করলে যেকোনো কঠিন কাজ অনায়াসেই করে ফেলা যায়৷’ সেই সঙ্গে যোগ করেন, ‘জীবনে সুযোগ আসবেই, হতাশ হওয়া যাবে না৷ স্বপ্ন বা চিন্তাশক্তিকে করতে হবে
অনেক বিস্তৃত৷’ আড্ডায় উপস্থিত তরুণদের নানা প্রশ্নের উত্তরে তিনি উচ্চশিক্ষা, ক্লাউড কম্পিউটিংয়ে তথ্যের নিরাপত্তা নিয়ে কথা বলেন৷
আড্ডায় উপস্থিত ছিলেন এপিক প্রোপার্টিজ লিমিটেডের প্রধান স্থপতি আহমেদ জিননুর চৌধুরী ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক
মুনির হাসান৷ আড্ডার যৌথ আয়োজক ছিল বিডিওএসএন, বেসিস ও উইকিমিডিয়া বাংলাদেশ৷
প্রসঙ্গত, বাংলা ব্রেইল প্রকল্প ২০১৪ সালে বেস্ট অব ব্লগস বা ববস প্রতিযোগিতায় জুরি ও পিপলস চয়েস পুরস্কার পেয়েছে৷ শিক্ষক ২০১৩ সালে ববসের পিপলস চয়েস
পুরস্কার পেয়েছিল।—মেহেদি হাসান