‘আমার প্রতিবেশী একজন হয়তো চিকিৎসক হয়েছে; এ জন্যই আমাকে চিকিৎসকই হতে হবে? সবার আগে ব্যক্তিমানুষ হিসেবে নিজের স্থানটা খুঁজে বের করতে হবে। আমি কে? আমি কী করতে চাই? সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’ গতকাল মঙ্গলবার ঢাকার কাকরাইলে ডিপ্লোমা প্রকৌশলী ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তরুণ বক্তা ও যুক্তরাজ্যের সফল তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলাম। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজনে এই সেমিনারে সহযোগী ছিল জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ও বিডি জবস ডটকম।
সেমিনারে সাবিরুল তরুণ উদ্যোক্তা, পেশাজীবী ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জীবনে বড় কিছু করার জন্য স্বাধীনতার প্রয়োজন রয়েছে। বাংলাদেশের পরিবারপ্রধানেরা এখন পর্যন্ত সত্তর ও আশির দশকের মানুষের মতো চিন্তাভাবনা করেন। ধরাবাঁধা ডিগ্রিকেন্দ্রিক প্রতিষ্ঠানিক শিক্ষাকেই তাঁরা প্রাধান্য দেন। এ কারণে ব্যতিক্রম কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীরা উৎসাহ পাচ্ছে না। আমাদেরকে এই ধারণা ভেঙে বের হয়ে আসতে হবে। নতুন সৃষ্টির প্রতি উদ্যোগী হতে হবে।’
সেমিনারে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি শামীম আহসান, চাকরির ওয়েব পোর্টাল বিডি জবসের নির্বাহী প্রধান এ কে এম ফাহিম মাশরুর, জেসিআইয়ের সভাপতি মুস্তাফিজুর রহমানসহ অনেকে। শামীম আহসান বলেন, ‘আমরা সবাই যদি একটি বড় স্বপ্ন দেখে সে অনুযায়ী কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমরা সফল হব।’
সাবিরুল ইসলাম তরুণদের অনুপ্রাণিত করতে প্রথমবার বক্তব্য দেন ২০১১ সালের মে মাসে মালদ্বীপে। এখন পর্যন্ত তিনি ২৬টির বেশি দেশে ৭৬২টি সেমিনারে বক্তৃতা করেছেন। তরুণ উদ্যোক্তা তৈরির এই সেমিনার কার্যক্রম চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ গত রোববার ঢাকায় আসেন। তিনি বাংলাদেশে বেশ কয়েকটি সেমিনারে তরুণদের উদ্দেশে বক্তৃতা দেবেন।
২৯ সেপ্টেম্বর প্রথম আলোর আয়োজনে একটি সেমিনারে তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার বক্তৃতা দেবেন সাবিরুল ইসলাম।
—মো. রাফাত জামিল