নিনটেনডোর নতুন প্রেসিডেন্ট তাতসুমি কিমিশিমা

জাপানের ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডোর নতুন প্রেসিডেন্ট হলেন তাতসুমি কিমিশিমা। গত জুলাই মাসে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সাতোরু আইওয়াতা মারা যাওয়ার পর আজ সোমবার নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে নিনটেনডোর মানবসম্পদ বিভাগের দায়িত্বে রয়েছে কিমিশিমা। আগামী বুধবার থেকে তিনি প্রেসিডেন্ট পদে কাজ শুরু করবেন।
এর আগে ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত নিনটেনডো আমেরিকার প্রধান নির্বাহীর পদ সামলেছেন ৬৫ বছর বয়সী কিমিশিমা। নিনটেনডোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবস্থাপনার বিষয়টি আরও জোরদার করতে কাজ করবেন তিনি।
নিনটেনডোর প্রেসিডেন্ট সাতোরু আইওয়াতা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পোকেমন ও সুপার ম্যারিওর মতো বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলো এগিয়ে নিতে কাজ করছিলেন। ক্যানসারে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সে তিনি মারা যান। ২০০০ সালে কাজে যোগ দেওয়ার পর থেকে নিনটেনডোর মোড় ঘুরিয়ে দেওয়ার কারণে বিখ্যাত হয়েছিলেন আইওয়াতা। মোবাইল গেমের ক্ষেত্রেও নিনটেনডোকে নিয়ে আসার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।
আশির দশক থেকে নিনটেনডোর একটি শাখা প্রতিষ্ঠানে প্রোগ্রামার হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। ২০০২ সালে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট হন তিনি। তাঁর নেতৃত্বে, জনপ্রিয় উয়ি ও নিনটেন্ডো ডিএস গেমিং কনসোল বাজারে ছাড়ে নিনটেনডো এবং তাঁর নেতৃত্বেই ব্যবহারবান্ধব গেমিং কনসোল বাজারে আসায় নিনটেনডোর বড় কমিউনিটি তৈরি হয়।