নিন্দুকের কথায় কান দিয়ো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাগিব হাসান তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলা ভাষায় শিক্ষা ও জ্ঞানের প্রচারে কাজ করে চলেছেন৷ তিনি বাংলা উইকিপিডিয়ার বুরোক্র্যাট ও ইংরেজি উইকিপিডিয়ার অন্যতম প্রশাসক৷ অনলাইনে শিক্ষাদান ও মুক্ত জ্ঞানের দূরশিক্ষণ ওয়েবসাইট ‘শিক্ষক ডট কম’-এর জন্য তিনি পেয়েছেন গুগলের রাইজ পুরস্কার, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ক্যারিয়ার পুরস্কার, ডয়চে ভেলের দ্য ববস পুরস্কার৷ এ বছর বাংলা ব্রেইল প্রকল্পের জন্য তিনি দ্য ববস–এর জুরি ও জনপ্রিয় দুটো পুরস্কারই পান৷ রাগিব হাসান সম্প্রতি দেশে এলে ‘স্বপ্ন নিয়ে’র পক্ষ থেকে তাঁর সাক্ষাৎকার নেন মনীষ দাশ৷

রাগিব হাসান
রাগিব হাসান

রাগিব হাসান সমৃদ্ধ শিক্ষাজীবনের অধিকারী৷ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় চতুর্থ ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান লাভ করেন৷ বুয়েট থেকে প্রথম স্থান অধিকার করে লাভ করেন বুয়েট চ্যান্সেলর পুরস্কার এবং কম্পিউটার কৌশল বিভাগের স্বর্ণপদক৷ তিনি পিএইএচডি করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানা-শ্যাম্পেইন থেকে৷ রাগিব হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার ও ইনফরমেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক৷
স্বপ্ন নিয়ে: আপনি এখন কি কাজ নিয়ে ব্যস্ত?
রাগিব হাসান: দরিদ্র শিশুদের ছবি তুলে তাদের হাতে তুলে দেওয়ার জন্য ‘রঙিন শৈশব’ নামের একটা সামাজিক আেন্দালন নিয়ে কাজ করছি৷ একটা শিশুর ছবি তুলে প্রিন্ট করে তার হাতে দিতে মাত্র এক কাপ চায়ের দামের সমান খরচ হয়৷ কিন্তু হতদরিদ্র অনেক শিশুর কাছে সেই ছবি হয়তো তার জীবনের প্রথম বা একমাত্র ছবি৷ এটা করতে আসলে কোনো সংগঠনের দরকার নেই, ব্যক্তিগতভাবে যদি সবাই এই কাজ করে, তাহলেই অনেক অসাধারণ কিছু একটা সম্ভব৷ মাস চারেক আগে এই ধারণা বলার পর বেশ কিছু উদ্যমী তরুণ ঢাকার বস্তিবাসী শিশুদের জন্য করা স্কুল ‘স্পৃহা’র কয়েক শ শিশুর ছবি এভাবে তুলে দিয়েছে৷ এ রকম ছোট্ট ছোট্ট কাজ আসলে অনেক মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে৷
স্বপ্ন নিয়ে: শিক্ষক ডট কম আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ৷ এ কাজ শুরুর পেছনে কী অনুপ্রেরণা কাজ করেছিল?
রাগিব হাসান: শিক্ষক ডট কম (www.shikkhok.com) প্রকল্পের শুরুটা হয়েছিল একটা স্বপ্ন থেকে। সেটা হলো বাংলাভাষী সব মানুষের কাছে পৃথিবীর সব জ্ঞানটুকু বাংলা ভাষাতেই পৌঁছে দেওয়ার। ২০১২ সালের কথা, আমি তখন বছর খানেক হলো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছি। গ্রীষ্মের তিন মাস আমার বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকে, সেই সময়টা সারা দিন গবেষণায় কাটে। কিন্তু আমার মনে হলো, গবেষণা আর শিক্ষাদান—এই কাজগুলো থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের কীভাবে আমি উপকার করতে পারি।
আমার পিএইচডি ও পেশা কম্পিউটার বিজ্ঞানে, কিন্তু এসব বিষয়ে বাংলায় শিক্ষামূলক তথ্য অনলাইনে ছিল না বললেই চলে৷ আমি নিজে যখন ছাত্র ছিলাম, তখন দেখেছি, ইংরেজি ভাষার বই কিংবা লেকচার থেকে কোনো বিষয় বুঝতে অনেকেরই বেশ সমস্যা হয়, এ ছাড়া ভালো শিক্ষকের অপ্রতুলতা তো আছেই। তাই আমি ভাবলাম, এই সমস্যার সমাধান করব তথ্যপ্রযুক্তি দিয়ে। শুরুতে কম্পিউটার নিরাপত্তার ওপর কোর্স চালু করলাম। হাতে ভালো ভিডিও ক্যামেরা ছিল না, তাই ওয়েবক্যাম আর ডিজিটাল ক্যামেরা দিয়েই রেকর্ড করলাম লেকচার। দরকারমতো সম্পাদনা আমার নিজের ল্যাপটপে করে নিয়ে ইউটিউবে ছাড়লাম। এভাবে শুরু করলাম আমার অনলাইন শিক্ষার প্রথম সাইট যন্ত্রগণক (jontrogonok.com)। আমি ভাবিইনি এত বিশাল সাড়া পাব সবার কাছ থেকে। এত বেশিসংখ্যক শিক্ষার্থী অনলাইনে আমার কোর্সে নিবন্ধন করে লেকচার দেখতে শুরু করল যে ওয়েবসাইটটা ক্রাশ করার উপক্রম। প্রায় তিন হাজার শিক্ষার্থী অল্প কয়েক দিনেই রেজিস্ট্রেশন করে ফেললেন। প্রতি সপ্তাহে লেকচার পোস্ট করতাম, ৫০০-এর বেশি শিক্ষার্থী বাড়ির কাজ জমা দিতেন। যন্ত্রগণক-এর সাফল্য আমাকে ভাবাল, এ ব্যাপারটা কেবল কম্পিউটার বিজ্ঞানের ওপর সীমাবদ্ধ রাখাটা সবার জন্য অবিচার হবে। তাই সব বিষয়ে সব লেভেলের কোর্সের জন্য চালু করলাম শিক্ষক ডট কম (www.shikkhok.com)।
দিনটা ছিল ২০১২ সালের ১ আগস্ট৷ কিন্তু শুরুতেই যে সমস্যা সামনে এল, সেটা হলো যোগ্য শিক্ষকের। আমার নিজের জ্ঞান তো কম্পিউটার বিজ্ঞানেই। ফেসবুকে জানাতেই অল্প সময়ের মধ্যে ১০ থেকে ১৫ জন এগিয়ে এলেন, বিপুল উৎসাহে তাঁরা কোর্স ডিজাইনের কাজে হাত লাগালেন। ব্যস, যাত্রা শুরু হলো শিক্ষক ডট কমের।
স্বপ্ন নিয়ে: এ কার্যক্রমের সাফল্যকে কীভাবে মূল্যায়ন করবেন?
রাগিব হাসান: শিক্ষক ডট কমের মাধ্যমে দেশের একটি শিশু-কিশোরের কাছেও যদি জ্ঞানের জানালাটা খুলে দিতে পারি, সেটাই হবে বড় অর্জন। আর বাংলা ভাষায় জ্ঞানচর্চা হয় না, শিক্ষা হয় না—এই অপবাদটা ঘোচাতে একেবারে হাতেনাতে দেখিয়ে দেওয়ার জিদটা তো আছেই। শিক্ষক ডট কমের শিক্ষকেরা তাঁদের নিজের বিষয়ে পিএইচডি লেভেলের জ্ঞান রাখেন, কিন্তু বাংলায় সেসব বিষয়ের শিক্ষা বা গবেষণার চর্চা নেই দেখে নিজের মনের তাগিদে এগিয়ে এসেছেন।
তবে সবচেয়ে বড় অনুপ্রেরণা আমাদের শিক্ষার্থীরাই। আমি শিক্ষক ডট কম শুরুর পরে গ্রামের বা দূর-দূরান্তের মফস্বল এলাকার অনেকেই মেইল করে তাঁদের আনন্দের কথা জানিয়েছেন। একজন জানিয়েছিলেন, তাঁর কম্পিউটারবিজ্ঞান পড়ার অনেক স্বপ্ন ছিল। কিন্তু এইচএসসি পাসের পর দারিদ্র্যের কারণে আর পড়তে পারেননি। এখন শিক্ষক ডট কমের মাধ্যমে কম্পিউটার বিজ্ঞানসহ নানা বিষয়ে পড়ালেখা করতে পারছেন, সেটাতেই তাঁর আনন্দের সীমা নেই।
স্বপ্ন নিয়ে: এর পাঠ পরিকল্পনা কীভাবে নির্বাচন করা হয়?
রাগিব হাসান: শিক্ষক ডট কমের কোর্সগুলোর সঙ্গে শ্রেণিকক্ষে প্রথাগত পাঠদাননির্ভর কোর্সের বেশ পার্থক্য আছে। আমি বিশ্বাস করি, একটা পর্যায়ে আমরা সবাই-ই শিক্ষক হতে পারি আমাদের নিজেদের জ্ঞান-অভিজ্ঞতার ভিত্তিতে। শিক্ষক ডট কমে তাই যেমন আছে স্কুল-কলেজের সিলেবাস-ভিত্তিক কোর্স, আবার তেমনি আছে নানা বিষয়ভিত্তিক বা লাইফ স্কিলস-ভিত্তিক কোর্স। যেমন রান্নার নানা কৌশল নিয়ে একজন পেশাদার শেফ দারুণ একটা কোর্স পড়াচ্ছেন (এমন কোর্স বিদেশে বা দেশেও লাখ লাখ টাকা দিয়ে করতে হয়)। আবার দাবা খেলার পাগল

বাংলাদেশ সফরে রাগিব হাসান
বাংলাদেশ সফরে রাগিব হাসান

একজন পড়িয়েছেন দাবা শেখার কোর্স। এখানে কোনো কোর্স পড়াতে হলে আগ্রহী শিক্ষকদের আমি প্রথমে কোর্সের সিলেবাস আর লেকচার প্ল্যানটা বানিয়ে ফেলতে বলি। সেটা হয়ে গেলে কোর্সের নমুনা লেকচার বানিয়ে শিক্ষকেরা আমাকে সেটা পাঠান। সাধারণত ১০ লেকচারের মধ্যেই কোর্সকে সীমাবদ্ধ রাখতে চেষ্টা করি৷ বড় কোর্স হলে ভাগ করে নিই। ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোর্স পড়ানোর আহ্বান দিলে অনেকেই সাড়া দেন। আবার অনেক সময় কেউ কেউ নিজেই উদ্যোগ নিয়ে নিজের ভাষায় একটা কোর্স পড়াতে চান।
স্বপ্ন নিয়ে: আপনার মতে সাফল্যের মূলমন্ত্র কী?
রাগিব হাসান: পরিশ্রমই সাফল্য বয়ে আনে৷ পরিশ্রমের কোনো বিকল্প েনই৷ জীবনে শর্টকাট বলে কিছু েনই, কিছু পেতে হলে খাটতে হবে৷ বুয়েটে দ্বিতীয় বর্ষে পড়ার সময় থেকে নিজের পায়ে দাঁড়িয়েছি, প্রোগ্রামিং শিখিয়ে খরচ চালিয়েছি৷ আর একাডেমিক ফল ভালো করার জন্য পরিশ্রম করতে হয়েছে, সেটা বলাই বাহুল্য৷ কিন্তু একসময় আমার মনে হলো, ভালো ফল কেবল না, আসলে জনমানুষের কাজে লাগে, এমন কাজটা করাই বড় সাফল্য৷ তাই নিজে পিএইচডি করার সময়ে বাংলায় বিশ্বকোষ গড়ে তোলার জন্য বাংলা উইকিপিডিয়ার ওপর প্রচুর কাজ করেছি৷ আর এখন শিক্ষক ডট কম এবং দৃষ্টিহীনদের জন্য বাংলা ব্রেইলের মতো প্রজেক্টে কাজ করছি৷ আমার আরেকটা বড় সুবিধা হলো, আমি একা নই৷ মানুষ মানুষের জন্য এগিয়ে আসে সহজেই, আমার বাংলা ব্রেইল আর শিক্ষক ডট কম—দুটি প্রজেক্টের সাফল্যের পেছনেই আছেন বহু অসাধারণ মানুষ, বহু চমৎকার শিক্ষক আর উদ্যমী স্বেচ্ছাসেবী৷ তাঁদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কখনোই এসব প্রকল্পে এত দূর এগোনো যেত না৷ তাঁদের সবার কাছেই আমি কৃতজ্ঞ৷
স্বপ্ন নিয়ে: বাংলাদেশের তরুণদের কাছে আপনার প্রত্যাশা ও পরামর্শ কী?
রাগিব হাসান: বাংলাদেশের তরুণদের ওপরে আমার আস্থা আছে৷ অনেকেই নতুন প্রজন্মের অমুক খারাপ, তমুক সমস্যা, এসব নিয়ে অভিযোগ করেন৷ আমি কিন্তু তাদের নিয়ে সব সময়েই খুব আশাবাদী৷ কারণ আমি জানি, আজকের তরুণেরা, শিশু-কিশোরেরা বিপুল উদ্যম আর উৎসাহে সামনে আসা অনেক বাধা, অনেক সমস্যারই সমাধান করতে পারে৷ স্বপ্ন দেখার বয়স আর মনটা তাদেরই আছে৷ এ জন্য দরকার তাদের এই উৎসাহ আর স্বপ্নকে সঠিক দিকে পরিচালিত করা৷
শিক্ষার্থীদের জন্য আমার কয়েকটা পরামর্শ আছে৷ এক. সততার বিকল্প নেই৷ শর্টকাটে অসৎভাবে সাময়িক সাফল্য আসতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সেটার ফল ভালো হয় না৷ দুই. পরিশ্রম করতে হবে, কোনো বিষয়ে দক্ষ হতে হলে সেটার জন্য সময় দিতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে৷ তিন. জীবনে সম্ভাবনা আর সুযোগের দরজা কখনোই বন্ধ হয় না৷ আজ যদি কোনো পরীক্ষায় ফলটা তোমাদের খারাপও হয়, মনে রেখো, সেটাই শেষ কথা না৷ মন খারাপ না করে এগিয়ে যাও৷ চার. নিজের ওপরে বিশ্বাস রাখো, নিজের পছন্দের কাজটা বেছে নাও আর নিন্দুকের ‘তুমি পারবে না’—এ রকম কথায় কান না দিয়ে এগিয়ে যাও৷ স্বপ্ন দেখো, আর সেই স্বপ্নকে ছোঁয়ার দুঃসাহসটা রাখো বুকের মধ্যে সারাক্ষণ৷ ভালো ছাত্র হওয়ার ইঁদুরদৌড়ের বদলে ভালো মানুষ হওয়ার দিকে এগিয়ে যাও৷
স্বপ্ন নিয়ে: বাংলাদেশকে নিয়ে আপনার স্বপ্ন-প্রত্যাশা?
রাগিব হাসান: একসময় প্রবাসযাত্রা মানেই ছিল দেশের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে কেবল ফোন আর বার্ষিক সফরের মধ্যে সেই সম্পর্ক জিইয়ে রাখা৷ কিন্তু তথ্যপ্রযুক্তি আর ইন্টারনেটের এই যুগে প্রবাস আর দেশের পার্থক্য ঘুচে গেছে৷ ইউরোপ বা আমেরিকার দূর জগতে বসে বহু তরুণ এখন দেশের কাজ করে চলেছে৷ আবার দেশে থেকেও অনেকে বিদেশের কাজ করছে৷ আরও অনেক মানুষ, অনেক প্রযুক্তিবিদ, প্রকৌশলী এভাবে একটু সময় দেবেন দেশের জন্য, এটাই আমার স্বপ্ন৷ বাংলাদেশকে রাতারাতি না হলেও খুব অল্প দিনের মধ্যে আমরা পাল্টে দিতে পারি, যদি সবাই মিলে একটু ভাবি, নতুন প্রজন্মের জন্য পথ তৈরি করি আর মানুষের জন্য এগিয়ে আসি৷ সাহায্যের হাতটা বাড়িয়ে দিই৷ স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন দেখাতে চাই, আর সবাই মিলে সবার তরে সেই স্বপ্নকে সত্যি করতে চাই৷