নিপীড়িতদের জন্য দরজা খোলা রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাম্পেদুসার নৌকাডুবি থেকে উদ্ধার পাওয়া কয়েকজন ষ ছবি: রয়টার্স
লাম্পেদুসার নৌকাডুবি থেকে উদ্ধার পাওয়া কয়েকজন ষ ছবি: রয়টার্স

ইতালির লাম্পেদুসা উপকূলের কাছাকাছি সাম্প্রতিক নৌকাডুবির ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ও শোকাবহ। এতে কয়েক শ মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
দুঃখজনক ব্যাপার হলো, ভয়াবহ হলেও ঘটনাটি মোটেও অস্বাভাবিক বা বিরল নয়। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) হিসাবে, ২০১২ সালে প্রায় ১৫ হাজার মানুষ আশ্রয়ের আশায় ইতালি ও মাল্টায় পৌঁছায়। প্রায় ৫০০ মানুষ মারা যায় অথবা সাগরে নিখোঁজ হয়।
এই সংখ্যাগুলো শঙ্কা ও লজ্জার কারণ। নিরাপদ জীবনের আশায় ইউরোপে পৌঁছার চেষ্টা করতে গিয়ে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছে। কী কারণে তারা এভাবে ঝুঁকি নিচ্ছে, তা গভীরভাবে অনুসন্ধান করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
নিপীড়িত মানুষকে ইউরোপে নিরাপদে পৌঁছাতে বাধা দেওয়ার পরিণাম কী, তা সর্বশেষ এ মর্মান্তিক ঘটনাটি থেকে স্পষ্ট। দুর্ঘটনাকবলিত নৌকাটির আরোহীদের প্রত্যেকের ব্যক্তিগত অবস্থা বা পরিস্থিতি জানা যায়নি। তবে আমরা এটা জানি যে তাদের অধিকাংশই সোমালিয়া ও ইরিত্রিয়া থেকে এসেছিল। ইউএনএইচসিআর জানায়, বিশ্বে সবচেয়ে বেশি শরণার্থী রয়েছে, এমন ১০টি দেশের মধ্যে এ দুটি দেশ শীর্ষে অবস্থান করছে। উভয় দেশেই মানবাধিকার লঙ্ঘনের জোরালো প্রমাণ পাওয়া যায়।
সোমালিয়া ও ইরিত্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গুরুতর তথ্য-প্রমাণ রয়েছে। যৌনসহিংসতা ও নির্যাতন সেখানে অতি প্রচলিত ব্যাপার। শরণার্থীদের নিজ দেশে অবস্থান অথবা ‘যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাওয়ার’ কোনো উপায় থাকে না। বিষয়টি উপলব্ধি করা আমাদের জন্য কঠিন হতে পারে, কিন্তু শরণার্থীদের জন্য অর্থের বিনিময়ে পাচারকারীদের নৌকায় আরোহী হওয়াটা আসলে একটি যুক্তিসংগত সিদ্ধান্ত।
ইউরোপে প্রবেশের নিরাপদ ও বৈধ পথের অভাবও এই সমস্যার সঙ্গে যুক্ত রয়েছে। ইউএনএইচসিআরের নীতিমালায় (দ্য রিফিউজি কনভেনশন) শরণার্থীদের সংজ্ঞা, অধিকার ও তাদের ব্যাপারে বিভিন্ন দেশের আইনি বাধ্যবাধকতার ব্যাপারে স্পষ্ট উল্লেখ রয়েছে। জীবন রক্ষার্থে দেশ ছেড়ে পলায়নকারী মানুষ কোনো দেশে অবৈধভাবে প্রবেশ করলেও তাদের আশ্রয় দিতে হবে বলে ওই নীতিমালায় স্বীকৃতি দেওয়া হয়েছে।
রিফিউজি কনভেনশন অনুযায়ী ইউরোপীয় দেশগুলোয় শরণার্থীদের আশ্রয় দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু গত এক দশকে ওই মহাদেশের বিভিন্ন সীমান্তে কড়া নজরদারি আরোপ করা হয়েছে।
ইউরোপীয় ভূখণ্ডে পৌঁছানোর জন্য নিরাপদ ও বৈধ পথের অভাবে শরণার্থীরা বিপজ্জনক ও মানবেতর উপায় বেছে নিতে বাধ্য হয়। তারা প্রায়ই নিরুপায় হয়ে ঝুঁকিপূর্ণ পথে যাত্রা করে এবং অসাধু পাচারকারীদের সাহায্য নেয়।
লাম্পেদুসার ঘটনার ক্ষেত্রে, অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকার আরোহী হয়ে ইতালির উদ্দেশে পাড়ি দিতে বাধ্য হওয়ার ব্যাপারটি হয়তো অনেকের জন্যই ছিল একটি দীর্ঘ ও বিপজ্জনক যাত্রার শেষ ধাপ। তাদের অনেকে হয়তো নিজেদের গন্তব্য সম্পর্কেও ঠিক জানত না।
মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের কবল থেকে পালিয়ে আসা শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে ইউরোপীয় সরকারগুলোকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে এবং তাদের প্রবেশাধিকার বৈধ করতে হবে। বিপদাপন্ন মানুষকে সহযোগিতা করার ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক বিধিমালা ও বাধ্যবাধকতা অনুসরণ করতে হবে। আর তখনই কেবল আমরা নিশ্চিত হতে পারব যে আমরা আরও মৃত্যু ঠেকাতে সম্ভাব্য সব উদ্যোগ নিচ্ছি।
শরণার্থীদের জন্য একটি নিরাপত্তার দরজা আমাদের অবশ্যই খোলা রাখতে হবে। সীমান্তে আসা অভিবাসীদের মধ্যে কারা আসলেই নিপীড়িত, তাদের চিহ্নিত করার উপায় বের করতে হবে। কারণ, লাম্পেদুসার দুর্ঘটনাটি প্রমাণ করেছে, বিষয়টি জীবন-মৃত্যুর সঙ্গে জড়িত।

মরিস রেন: যুক্তরাজ্যের শরণার্থীবিষয়ক প্রতিষ্ঠান ব্রিটিশ রিফিউজি কাউন্সিলের প্রধান নির্বাহী।
ভাষান্তর: আশিস আচার্য