নিমন্ত্রণের সাজ

নিমন্ত্রণের তো আর সময় নেই। শীতে অন্যান্য সময়ের চেয়ে অনুষ্ঠান ও দাওয়াত একটু বেশি থাকে। আর এ সময়ের একটা বিশেষ সুবিধা—জমকালো পোশাক পরাসহ ভারী মেকআপ সবই করা যায়। সাজ নিয়ে নিরীক্ষা করার সুযোগ থাকে বেশি। থাকে না মেকআপ নষ্ট হওয়ার ভয়। চুলের সাজে ভিন্নতা, সাজসজ্জায় বর্ণিলতা এবার শীতে এমন চলই থাকবে। এমনটা মনে করেন পারসোনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান। তিনি বলেন, এই শীতে সাজ-পোশাকে রঙের খেলা থাকবে। লিপস্টিক তো কম বেশি সবাই উজ্জ্বল রঙের ব্যবহার করছেন। এ সময়টাতে শুধু লিপস্টিক নয়, ব্লাশন, আইশ্যাডো মাশকারা সবকিছুতেই নিয়ন রং, চকচকে রঙের একটা প্রভাব থাকবে।

সন্ধ্যায় উজ্জ্বল
সন্ধ্যার দাওয়াত। বেছে নিলেন উজ্জ্বল রঙের সালোয়ার-কামিজ বা শাড়ি। সাজটা কেমন হবে, সেই চিন্তায় পড়লেন। না ভেবে, ঝটপট চুল বেঁধে খোঁপা করে ফেলুন। চুলের সামনের দিকটা ফোলা ফোলা করে রাখতে পারেন। চোখের সাজকে গুরুত্ব দিন। সবুজ-নীল আইশ্যাডোর মিশেলে চোখের ওপরের পাতা সাজিয়ে নিন। আইল্যাশের ব্যবহার এবার থাকবে মনে করেন রূপবিশেষজ্ঞরা। ফলে মাশকারা ও আইলাইনার ব্যবহার করতেই হবে। হাতে, কানে বা গলায় গয়না পরতে পারেন।

পোশাকে নতুনত্ব
দুপুরের নিমন্ত্রণ। বেছে নিতে পারেন শাড়ি কিংবা সালোয়ার-কামিজ। আড়ংয়ের বিপণন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা তাসনিম হোসেন বলেন, এবার পোশাকের কাটে পরিবর্তন এসেছে। টপ ও সালোয়ার-কামিজে ফিউশনধর্মী নকশা করা হয়েছে। কামিজের ওপরে কটি পরতে পারেন। নতুনত্ব আসবে। দুপুরের কোনো অনুষ্ঠানে পোশাক যেহেতু হালকা হয়ে থাকে ফলে রুপার গয়না ও সোনার প্রলেপ দেওয়া গয়না ভালো দেখায়।
পোশাক তো পরলেন। সাজের ক্ষেত্রে চুলটাকে একপাশে করে খোলা রাখতে পারেন। সামনে একটু টুইস্ট করে এক পাশ করে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। চোখে কাজল মাশকারা ঘন করে লাগালে আকর্ষণীয় দেখাবে। আর আইশ্যাডো কপার, ব্রোঞ্জ রঙের হতে পারে।

রঙে-ঢঙে চুল
নানা কায়দায় চুল বাঁধার চল থাকবে এবার। চুলটাকে প্রথম বেঁধে পেঁচিয়ে উঁচু করে বাঁধতে হবে। পেছনের চুলগুলোকে ক্লিপ দিয়ে আটকে দিন। সামনের চুলগুলোকে টুইস্ট করে পেঁচিয়ে গোল করে রাখতে পারেন। পাশ্চাত্য পোশাকের সঙ্গে এমন চুলের সাজ ভালো দেখাবে। সঙ্গে লিপস্টিক ও ব্লাশন পোশাকের পাইপেন বা লেইসের সঙ্গে মিলিয়ে দিতে পারেন। তবে গাঢ় রঙের হলেই ভালো। বন্ধুদের সঙ্গে কোনো আড্ডায় এই সাজের সঙ্গে টপ-স্কার্ট পরে যেতে পারেন।

জমকালো সাজে
জমকালো সাজ—রাতের জন্য এটা আমরা জানি। চাইলে এ সময়ে দিনের বেলাতেও জমকালো সাজ বেছে নিতে পারেন। সিল্কের নকশি কাঁথার নীল শাড়ির সঙ্গে মুক্তার কয়েক ছড়ার মালা না হয় বেছে নিলেন। এবার সাজের কথায় আসা যাক। ঠোঁটে হালকা গোলাপি ও বেইস রঙের মিশেলের লিপস্টিক দিতে পারেন। চোখ স্মোকি করে কাজল দিয়ে টেনে এঁকে দিলে মানাবে। আর রুপাালি-সোনালি রঙের আইশ্যাডো চোখের ওপরের দিকে হাইলাইটস হিসেবে দিলে নজরকাড়া চোখ হবে।