নিয়ম ভেঙে অক্সফোর্ড অভিধানে ‘টুইট’
১০ বছরের পুরোনো না হলে কোনো শব্দ অক্সফোর্ড ইংরেজি ডিকশনারিতে ঠাঁই পাওয়ার জন্য বিবেচিত হয় না । তবে প্রধান সম্পাদক জন সিম্পসন ‘টুইট’ শব্দটির জন্য এ ক্ষেত্রে নিয়মটি ভাঙলেন।‘অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি’ বা ওইডিতে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ব্যবহূত নতুন বেশ কিছু শব্দ স্থান পেয়েছে এবং প্রচলিত পুরোনো কয়েকটি শব্দে নতুন অর্থ যুক্ত হয়েছে। নতুন যুক্ত হওয়া শব্দের মধ্যে রয়েছে ‘টুইট’, ‘গিকারি’, ‘ড্যাড ড্যানসিংয়ের মতো শব্দগুলো। গত ১৪ জুন অক্সফোর্ড ডিকশনারি কর্তৃপক্ষ নতুন ও সংশোধিত এক হাজার ২০০ জনপ্রিয় শব্দ অভিধানটির নতুন সংস্করণে যুক্ত করার ঘোষণা দিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।অক্সফোর্ড ডিকশনারি কর্তৃপক্ষ জানিয়েছে, গত ছয় বছর ধরে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ব্যবহূত ‘ফলো’, ‘ফলোয়ার’, ‘টুইট’ শব্দগুলোকে যুক্ত করছে। অভিধান অনুসারে ‘ফলো’ হচ্ছে ভার্ব বা ক্রিয়া, ‘ফলোয়ার’ হচ্ছে নাউন বা বিশেষ্য ও টুইট হচ্ছে নাউন বা বিশেষ্য ও ভার্ব বা ক্রিয়া।ওইডির প্রধান সম্পাদক জন সিম্পসন এ প্রসঙ্গে জানিয়েছেন, নতুন শব্দগুলোকে অভিধানের অন্তর্ভুক্ত করতে গিয়ে একটি নিয়ম ভাঙতে হয়েছে। অভিধানে কোন নতুন শব্দ যুক্ত করতে হলে সে শব্দটি কমপক্ষে ১০ বছর ধরে ব্যবহূত হতে হয়। তবে দৈনন্দিন জীবনের সঙ্গে নিবিড়ভাবে শব্দগুলো মিশে গেছে বলেই নিয়মের ব্যতিক্রম হয়েছে।অক্সফোর্ড ইংরেজি ডিকশনারির আট লাখ ২৩ হাজার শব্দের মধ্যে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে থেকে নতুন করে যুক্ত হওয়া শব্দের মধ্যে স্থান পেয়েছে ‘ক্রাউডসোর্সিং’ ‘ফ্ল্যাশ মব’, ‘গিকারি’, ‘ড্যাড ড্যানসিং’।