নিরাপত্তা পরীক্ষায় জুতা!
নিরাপত্তা-ব্যবস্থা হিসেবে হাতের আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি এবার পায়ের ছাপ নেওয়ার পদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন মার্কিন গবেষকেরা। এ ক্ষেত্রে জুতার সোল স্ক্যান করে ব্যক্তির পরিচয় শনাক্ত করার পদ্ধতি নিয়ে কাজ করছেন তাঁরা। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। কার্নেগি মেলন ইউনিভার্সিটির পেডো-বায়োমেট্রিকস ল্যাবের গবেষকেরা পায়ের ছাপ পরীক্ষার জন্য জুতার সোল বা ‘শু ইনসোলস’ তৈরি করেছেন। গবেষকেরা জানিয়েছেন, প্রত্যেক মানুষের হাঁটার ধরন, পা ফেলা ও পদক্ষেপের ধরন পৃথক। নতুন উদ্ভাবন করা বায়োমেট্রিক ‘শু ইনসোলস’ পদ্ধতিতে পায়ের ছাপ পরীক্ষা করা যাবে। এই পদ্ধতিতে সেন্সরের মাধ্যমে কোনো ব্যক্তির হাঁটার ধরন পরীক্ষা করা সম্ভব হবে এবং কম্পিউটারে রাখা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে। তিনবার পা ফেললেই ‘শুু ইনসোলস’ পদ্ধতিতে ব্যক্তিটির পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে পা ফেললেই অ্যালার্ম বেজে উঠবে।গবেষকেদের দাবি, এ পদ্ধতিটি নিরাপদ ও কোনো বাড়তি ঝামেলা ছাড়াই কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করতে সক্ষম। পদ্ধতিটি ৯৯ শতাংশ নির্ভুলভাবে পরিচয় শনাক্ত করতে সক্ষম হবে।গুরুত্বপূর্ণ স্থাপনা ও অফিসের নিরাপত্তা-ব্যবস্থা হিসেবে এই পদ্ধতি ব্যবহার করা হতে পারে।