নিরাপত্তা প্রতিষ্ঠান কিনে নিচ্ছে ডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডেল গত মঙ্গলবার কম্পিউটার নেটওয়ার্ক নিরাপত্তা প্রতিষ্ঠান সনিকওয়াল কেনার ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে সনিকওয়ালের সঙ্গে একটি চুক্তি হয়েছে বলে ডেল জানায়। ইন্টারনেটভিত্তিক সফটওয়্যার সেবা চালু করার জন্য ডেল এই উদ্যোগ নিয়েছে। টেক্সাসভিত্তিক এই প্রতিষ্ঠানটি কত দামে সনিকওয়াল কিনছে, তা প্রকাশ করেনি। তবে অনলাইন সূত্রে জানা গেছে, ১০০ কোটি ডলারেরও বেশি দামে ডেল কিনবে সনিকওয়ালকে। ডেলের সফটওয়্যার গ্রুপের প্রেসিডেন্ট জন সোয়াইনসন এক বিবৃতিতে বলেন, ‘আমরা একটি কৌশলগত সফটওয়্যার পোর্টফোলিও তৈরি করতে যাচ্ছি। এরই অংশ হিসেবে আমরা সনিকওয়াল কিনতে যাচ্ছি।’ সনিকওয়াল ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। সান হোসের সিলিকন ভ্যালি শহরে এর সদর দপ্তর অবস্থিত। ডেলের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৫০টি দেশের তিন লাখ মানুষ সনিকওয়ালের সফটওয়্যার ব্যবহার করছে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ডেল প্রতিষ্ঠানটি কিনলে ব্যাপক লাভবান হবে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান