নিরাপত্তা বাড়ছে আইক্লাউডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপল দুই স্তরের নিরাপত্তা-ব্যবস্থা আরও জোরদার করছে
অ্যাপল দুই স্তরের নিরাপত্তা-ব্যবস্থা আরও জোরদার করছে

সাইবার দুর্বৃত্তরা যাতে ব্যবহারকারীর অ্যাকাউন্টের ধারেকাছেও ঘেঁষতে না পারে তার ব্যবস্থা করতে যাচ্ছে অ্যাপল। আইক্লাউডের জন্য অতিরিক্ত নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। ছবি কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে অ্যাপল নিরাপত্তা জোরদার করা ঘোষণা দিল। সম্প্রতি অ্যাপলের আইক্লাউড থেকে বিভিন্ন তারকার ব্যক্তিগত ছবি হ্যাক হয় ও অনলাইনে তা ফাঁস হয়। তবে আইক্লাউড সিস্টেম হ্যাকের কথা অস্বীকার করে অ্যাপল। বার্তা সংস্থা রয়টার্স এক খবরে এ তথ্য জানিয়েছে।
অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ যখন আইক্লাউড অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে যাবে কিংবা নতুন কোনো যন্ত্রে আইক্লাউডের তথ্য সংগ্রহ করবে, তখন অ্যাকাউন্ট ব্যবহারকারীকে মেইল ও নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করবে অ্যাপল।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, শিগগিরই নতুন পণ্যের ঘোষণা দেবে অ্যাপল। নতুন পণ্য বাজারে আনার আগে গ্রাহকের আস্থা ফেরাতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে কোনো ঝামেলা এড়াতে দুই স্তরের নিরাপত্তা-ব্যবস্থাকে আরও জোরদার করবে অ্যাপল।
দুই স্তরের এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে তাঁর অ্যাকাউন্টে নিয়মিত পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি লগ ইন করার সময় স্মার্টফোন ও ট্যাবে অ্যাপলের পাঠানো আরও একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এতে অতিরিক্ত একটি স্তরের নিরাপত্তা পাওয়া যায়। গত মঙ্গলবার বেশ কিছু অ্যাকাউন্ট থেকে তথ্য চুরির ঘটনা জানাজানি হলে অ্যাপল কর্তৃপক্ষ জটিল পাসওয়ার্ড ও দুই স্তরের নিরাপত্তা ব্যবহারের পরামর্শ দিয়েছিল।

আরও পড়ুন: