নিরাপত্তার আশ্বাস দিল স্ন্যাপচ্যাট

নিরাপত্তা ত্রুটির কারণে ভয়াবহ হ্যাকিংয়ের শিকার ‘স্ন্যাপচ্যাট’ অ্যাপ্লিকেশনটি আরও নিরাপদ করার আশ্বাস দিয়েছে এর কর্তৃপক্ষ।
অ্যাপ্লিকেশনটির নতুন আপডেট এনে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্ন্যাপচ্যাট। এর আগে প্রায় ৪৬ লাখ স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর নাম ও ফোন নম্বর হ্যাক করে ‘স্ন্যাপচ্যাটডিবি’ নামের একটি ওয়েবসাইটে ফাঁস করেছিল অজ্ঞাত একদল হ্যাকার।
স্ন্যাপচ্যাট হ্যাক হওয়ার আগেই এটি হ্যাক হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছিল অস্ট্রেলিয়াভিত্তিক গিবসন সিকিউরিটি নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠান। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। গিবসন সিকিউরিটি কর্তৃপক্ষ দাবি করেছে, প্রায় চার মাস আগে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষকে তারা সতর্ক করে দিয়েছিল। কিন্তু গত চার মাসে নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করেনি স্ন্যাপচ্যাট।
‘স্ন্যাপচ্যাটডিবি’ নামক ওয়েবসাইটে ব্যবহারকারীর ফোন নম্বরের শেষ দুটি সংখ্যা বাদ দিয়ে এই তথ্য ফাঁস করা হয়। বর্তমানে সাইটটি বন্ধ রয়েছে। ওয়েবসাইটটিতে বলা হয়, জনসচেতনতা তৈরির উদ্দেশ্য এই কাজ করা হয়েছে।
স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ক্রমশ জনপ্রিয় হচ্ছে। এ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছবি শেয়ার করার কিছুক্ষণ পর তা মুছে যায়। এতে ফাইন্ড ফ্রেন্ডস নামের একটি ফিচার রয়েছে যার মাধ্যমে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের খুঁজে বের করা যায়। স্ন্যাপচ্যাটের প্রধান নির্বাহী ২৩ বছর বয়সী প্রযুক্তি উদ্যোক্তা ইভান স্পিগেল।
স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার বিষয়টি নিয়ে তাঁরা কাজ করছেন। স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা তা পরীক্ষা করা যাবে এ লিংকটিতে- Lookup.gibsonec.org/