নিরাপদ খাদ্য নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিবিষয়ক বাংলা ওয়েবসাইট এগ্রোবাংলা ডটকম (www.agrobangla.com) এবং কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘রমজানে সুস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য’ বিষয়ক সেমিনার। গতকাল রোববার ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (ডিআইইউ) মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সহযোগিতায় ছিল ডিআইইউর নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি বিভাগ। রমজান মাসে বিভিন্ন ধরনের রসনাবিলাস ও মুখরোচক খাদ্যের সমাহারের পাশাপাশি বিভিন্ন ভেজালের মহোৎসব চলে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে সেমিনারে মন্তব্য করা হয়। সেমিনারে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, ‘নিরাপদ খাদ্য শুধু রমজান মাসে নয়, বরং পুরো বছর ধরেই আমাদের তা অব্যাহত রাখতে হবে। খাদ্যে ভেজাল রুখতে সরকার ইতিমধ্যে যুগোপযোগী খাদ্য আইন প্রণয়ন করেছে এবং আইনের বাস্তবায়নে সরকার পুরোপুরি আন্তরিক।’ সেমিনারে বক্তব্য দেন ডিআইইউর উপাচার্য অধ্যাপক এম লুৎফুর রহমান, ক্যাবের খাদ্য সুরক্ষা কমিটির সভাপতি বেলাল হোসেন, মহাসচিব এবং এগ্রোবাংলার প্রধান নির্বাহী মহিউদ্দিন আহামেদ, ডিআইইউর অ্যালাইড হেলথ সায়েন্স বিভাগের ডিন এস এম কেরামত আলী, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক কে এম ফরমুজুল হক, খাদ্য সুরক্ষা কমিটির সদস্য মো. রাশেদুল হাসান, মাসুদ ইবনে রহমান, তানিয়া সুলতানাসহ অনেকে। —বিজ্ঞপ্তি