
যুক্তরাষ্ট্রের বাসিন্দা রেনে শাটার্স। সন্তানের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তিনি। ছেলে রঙিন চকলেটের ভক্ত। কিন্তু শাটার্সের ধারণা, এসব চকলেটে ব্যবহূত রং শিশুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওই চকলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাঁর ছেলেটির ক্ষতি করছে।
বিষয়টি মার্কিন খাবার ও ওষুধের নিরাপত্তা নিশ্চিতকরণ কর্তৃপক্ষকে (এফডিএ) জানিয়েও কোনো সুফল পাননি শাটার্স। অবশেষে তিনি দ্বারস্থ হন আদালতের। সেন্টার ফর সায়েন্স ইন পাবলিক ইন্টারেস্ট নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় তিনি আবেদন করেন এবং সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে (ফেসবুক, টুইটার ইত্যাদি) প্রচার কার্যক্রম শুরু করেন। এতে অবশ্য হাতেনাতেই ফল পাওয়া যায়। ওই চকলেট প্রস্তুতকারকেরা একটি বিশেষ রঞ্জক রাসায়নিক পদার্থের পরিবর্তে সামুদ্রিক উদ্ভিদ থেকে সংগৃহীত রঞ্জকের ব্যবহার শুরু করে।
এ ঘটনাটিই প্রমাণ করে, সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে ফেসবুক-টুইটারের মতো অনলাইনভিত্তিক প্রচারণা কতটা সফল। শাটার্সের আবেদনে এক লাখ ৪০ হাজার মানুষ স্বাক্ষর করার মাধ্যমে তাঁর প্রতি একাত্মতা প্রকাশ করে।
যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠানই খাবার রঙিন করতে এমন রঞ্জক পদার্থ ব্যবহার করে যা কিনা স্বাস্থ্যহানির কারণ হতে পারে। এ ব্যাপারে এফডিএর তেমন মাথাব্যথা না থাকলেও বিষয়টি মানতে নারাজ সাধারণ মানুষ। তাই প্রতিবাদের মোক্ষম অস্ত্র হিসেবে তারা বেছে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে। আর এই প্রচারণায় মানুষের মধ্যে সাড়াও পড়েছে ব্যাপক। এতে সতর্ক হয়ে গেছে খাবার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। রঞ্জক হিসেবে তারা এখন বেছে নিচ্ছে উদ্ভিদজাত বা মসলাভিত্তিক প্রাকৃতিক উপাদান, যা স্বাস্থ্যের ক্ষতি করবে না।
বুজ অ্যান্ড কোম্পানি নামের একটি পরামর্শক প্রতিষ্ঠানের অংশীদার ম্যাথু এগোলের মতে, খাবার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজেদের পরিচিতিও বৃদ্ধি করছে। অনলাইনে পণ্যের আলোচনা বা সমালোচনার মধ্য দিয়ে একটি প্রতিষ্ঠান একধরনের সুযোগও পেতে পারে। কারণ, এ ধরনের আলোচনার মাধ্যমে বাজারে তাদের পণ্যের অবস্থানও যাচাই হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। একই সঙ্গে জানা যাচ্ছে ব্যবহারকারীর অভিযোগ সম্পর্কে। ফলে গঠনমূলক পদক্ষেপের মধ্য দিয়ে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি শোধরানো সম্ভব হচ্ছে।
শাটার্সের পিটিশন আমলে নিয়ে চকলেটের রঞ্জক উপাদানে পরিবর্তন আনার পাশাপাশি জনসচেতনতাও বাড়ছে। আন্দোলনকারীদের বক্তব্য গুরুত্ব পাচ্ছে অনেকের কাছেই। খাবার-সচেতন লেখক ভানি হ্যারি নিজের ব্লগে চিক-ফিল-এ নামের একটি প্রতিষ্ঠানের তৈরি চিকেন স্যান্ডউইচের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা-সমালোচনা করেন। এতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হ্যারিকে তাদের প্রধান কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে নিয়ে তাঁর আপত্তির বিষয়গুলো গুরুত্ব দিয়ে শোনা হয়। টাইমস অব ইন্ডিয়া।