নিরাপদ পানি পেতে

নির আরেক নাম জীবন। এই সারসত্য আমরা জানি। কিন্তু বিশুদ্ধ পানি পান না করলে তা রোগবালাই এমনকি প্রাণনাশেরও কারণ হতে পারে। পানি ফুটিয়ে বিশুদ্ধ করা যায়। তবে সময় বাঁচাতে ও ঝামেলা কমাতে পানি বিশুদ্ধ করার জন্য ফিল্টার ব্যবহার করতে পারেন। বাজারে আছে নানা ধরনের পানি বিশুদ্ধকরণ ফিল্টার। এই ফিল্টারে সহজেই পানি পরিশোধন করে নিতে পারেন। এখানে কয়েক স্তরে পানি শোধন হয়ে পান করার উপযোগী হয়।বারডেম-২ জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ চিকিত্সা কর্মকর্তা ফাহমিদা রহমান বলেন, ‘খাওয়ার পানি বিশুদ্ধ না হলে অনেক জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশুদ্ধ পানির অভাবে হতে পারে ডায়রিয়া, জন্ডিস, কলেরাসহ নানা ধরনের পানিবাহিত রোগ। তাই পানি ফিল্টারে পরিশোধন করে পান করতে পারেন।’ঢাকা নিউমার্কেটের ব্যবসায়ী এরফান হোসাইন বলেন, ‘পানির ফিল্টারে কোনো ধরনের ঝামেলা ছাড়া সহজেই পানি বিশুদ্ধ করা যায় বলে এর চাহিদা বাড়ছে। সাধারণত পানির ধারণক্ষমতার ওপর পানির ফিল্টারের দামের পার্থক্য হয়ে থাকে।’
যেভাবে পরিশোধন হয়
পানির ফিল্টারে পানি পরিশোধন হয় কয়েকটি স্তরে। প্রথমত, ফিল্টারের ওপরের অংশে পানি ঢেলে দিতে হবে। এরপর এ পানি একটা গোলাকার বলের স্তর ভেদ করে চুইয়ে নিচের স্তরে পড়বে। এখানে বড় কোনো ময়লা থাকলে তা ওপরেই থেকে যায়। ছাঁকন হয়ে আসা দ্বিতীয় স্তরের পানি আবার তৃতীয় বা চতুর্থ তিন স্তরের পাথর ও কাঁকরের ভেতর দিয়ে নিচে জমা হয়। ব্যস, হয়ে গেল পানি বিশুদ্ধ।
ফিল্টারের খোঁজখবর
বাজারে আছে নানা ব্র্যান্ডের পানির ফিল্টার। প্লাস্টিক বা ইস্পাতা দুই ধরনের উপকরণে তৈরি ফিল্টারের দেখা মিলবে বাজারে। দেশি-বিদেশি দুই ধরনের ফিল্টারই আছে। সাধারণ ফিল্টারে পানি দেওয়ার আগে ফুটিয়ে নেওয়া ভালো বলে জানান দোকানিরা। নানা ব্র্যান্ডের মধ্যে এখন চলছে পিওরেড, পিওর ইট, মিয়াকো, নোভা, কেন্ট, ডেলকোল, বাজাজ, জেসিএল, ইভা পিওর, সেঞ্চুরি ইত্যাদি।
দরদাম
ফিল্টারের দাম নানা ধরনের হতে পারে। এখানে গুণগত মান, পানির ধারণক্ষমতা ও ব্র্যান্ডের ওপর দাম নির্ধারিত হয়। আট লিটারের ফিল্টারের দাম এক হাজার থেকে দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। এ ছাড়া ১৫ লিটারের দাম পড়বে এক হাজার ৮০০ থেকে তিন হাজার পর্যন্ত। ২৩ লিটার পানি ধরে এমন ফিল্টারের দাম পড়বে দুই হাজার ২০০ থেকে চার হাজার ৫০০ টাকা পর্যন্ত। এ ছাড়া আরও বেশি ধারণক্ষমতার ফিল্টার পাঁচ থেকে ১০ হাজার টাকার মধ্যে কিনতে পারেন।
যেখানে পাবেন
ঢাকার বিভিন্ন শপিং মলে পাওয়া যাবে ফিল্টার। নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি, মিরপুর, উত্তরা, গুলিস্তান, রামপুরাসহ বিভিন্ন প্লাস্টিক ও গৃহস্থালিসামগ্রীর দোকানে পাওয়া যাবে পানির ফিল্টার।