নিরামিষাশী হাঙর ‘ফ্লোরেন্স’! (ভিডিও)
হাঙর মাংসাশী প্রাণী। সমুদ্রের জলে শিকার ধরাটাই হাঙরকে শোভা পায়। তবে সম্প্রতি যুক্তরাজ্যের এক চিড়িয়াখানার একটি হাঙরের স্বভাবে কিছুটা ভিন্নতা দেখা দিয়েছে। বার্মিংহাম ন্যাশনাল সি লাইফ সেন্টারের ‘ফ্লোরেন্স’ নামের হাঙরটির মাছ-মাংসের বদলে প্রিয় খাবার এখন শসা, লেটুস আর অন্যান্য সব সবজি। এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, বিশ্বের প্রথম নিরামিষভোজী হাঙরটির নাম ‘ফ্লোরেন্স’।ছয় ফুট দৈর্ঘ্যের এই হাঙরটি অবশ্য আমিষভোজী হিসেবেই তার খাদ্যাভ্যাস গড়ে তুলছিল। কিন্তু বার্মিংহামের পরিচর্যাকেন্দ্রে আসার পর শুরুর দিকে ফ্লোরেন্স কোনো খাবারই মুখে তুলছিল না। সেসময় হাঙরটিকে স্ক্যান করে দেখা যায় তার মুখে একটি বড় বঁড়শি গাঁথা রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৯ সালে ফ্লোরেন্সের মুখে অস্ত্রোপচার করে এই বঁড়শি সরিয়ে ফেলার পর থেকেই পুরোপুরি নিরামিষভোজী হয়ে যায় ফ্লোরেন্স।তবে ফ্লোরেন্সের বিশাল শরীরের আমিষের চাহিদা পূরণের জন্য খাবারের মধ্যে লুকিয়ে মাছ দেয়ার তথ্যও জানিয়েছেন পরিচর্যাকারী গ্রাহাম ব্রুরোজ। তাঁর দাবি, ফ্লোরেন্সকে খাওয়ানোর সময় যথেষ্ট সতর্ক থাকতে হয়। কারণ, খাবারে মাছের অস্তিত্ব টের পেলে সে খাবার থেকে মুখ সরিয়ে নেয় সে। নিরামিষ খাবার না দেয়া হলে আর কোনো খাবারই খেতে চায় না ফ্লোরেন্স।