নির্জন দ্বীপে প্রোগ্রাম লেখার প্রতিযোগিতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল কম্পিউটার প্রোগ্রামার একটি প্রত্যন্ত দ্বীপে যাবেন। সেখানে তাঁরা দুই মাস থাকবেন, খাবেন আর ঘুরে বেড়াবেন। তবে সেই সঙ্গে আরেকটি কাজও করতে হবে তাঁদের, আর তা হলো প্রোগ্রামিং সংকেত লেখার প্রতিযোগিতায় অংশ নিতে হবে। প্রতিযোগিতার নাম ‘কাম হ্যাক উইথ হ্যাকাথন’। এর আয়োজক হচ্ছেন ওয়াল্টার হেক নামে একজন মার্কিন উদ্যোক্তা। তিনি বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বসবাস করছেন। ওয়াল্টার হেক জানান, ফিলিপাইনের কোনো একটি দ্বীপে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তিনি জানান, প্রতিযোগিতায় যাঁরা অংশ নিতে ইচ্ছুক, তাঁদের আবেদন করতে হবে। যাঁরা আবেদন করবেন, তাঁদের আবেদনপত্রে ব্যাখ্যা করতে হবে, কেন তাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিতে চান। যাচাই-বাছাইয়ের পর ১২ জনকে নির্বাচিত করা হবে। এই ১২ জন দ্বীপে গিয়ে একটি বাড়িতে একসঙ্গে থাকবেন। তবে তাঁদের নিজেদের রান্না নিজেদের করেই খেতে হবে। কাপড় ধোয়ার কাজটিও তাঁদের করতে হবে। দ্বীপের অবস্থান প্রত্যন্ত এলাকায় হলেও এখানে বিদ্যুৎসহ সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা থাকবে। ওয়াল্টার হেক জানান, অনলাইনে এ ব্যাপারে বিজ্ঞাপন দেওয়ার পর চার হাজারেরও বেশি মানুষ এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন। এখন ওয়াল্টার হেক ১২ জনের থাকা-খাওয়ার খরচ জোগানোর জন্য একজন পৃষ্ঠপোষক খুঁজছেন। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান