নির্বাচনে জিতলে কী করতেন আমিনুল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবর: কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলামের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনে হেরে যাওয়ায় ভোটারদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন বলে স্বীকারও করেছেন ভিতরবন্দ ইউনিয়ন জাতীয় পার্টির এই আহ্বায়ক। (সূত্র: প্রথম আলো, ৩০ ডিসেম্বর ২০১৬)

কিন্তু আমিনুল ইসলাম যদি জিতে যেতেন, তাহলে কী হতো? নিশ্চয়ই এলাকায় নানা ধরনের উন্নয়নের জোয়ার বইয়ে দিতেন। কেমন হতো সেই উন্নয়নের চিত্র? দেখাচ্ছেন আবদুল্লাহ মামুর ও শিখা

.
.

ছাগল পালনে সচেতনতা বৃদ্ধি

একটা জাতির সমৃদ্ধি নির্ভর করে স্বাবলম্বী জনগণের ওপর। যে জাতির জনগণ যত বেশি স্বাবলম্বী, সে জাতি ঠিক ততটাই উন্নত। আমরা অনেক বছর ধরে বিটিভিতে দেখে আসছি স্বাবলম্বী হতে হলে বসতবাড়িতে ছাগল পালন বাঞ্ছনীয়। তাই জাতিকে স্বাবলম্বী করে উন্নতির স্বর্ণদ্বারে পৌঁছে দিতে আমিনুল ইসলাম অবশ্যই ঘরে ঘরে গিয়ে ছাগল পালনে আগ্রহী করে তুলতেন।

মুখ গোমড়া করে বসে আছিস কেন?

আমি নাকি ইদানীং কম দুধ দিই, এ জন্য এত দিন যত ঘাস খাইছি আমিনুল সাহেব সব ফেরত চাইতাছেন!

.
.

শান্তিপূর্ণ টকশোর প্রশিক্ষণ ক্যাম্প

মাঠের রাজনীতি আর নেই। তর্কাতর্কি যা আছে তা ওই টিভির ভেতরেই। টকশোজীবীরাই মূলত দেশটা নিয়ে ভাবেন। তবে রাজনীতির মতো টকশোতেও মাঝেমধ্যে হয়ে যায় তুমুল হাউকাউ। কথা ছেড়ে টকশোর বক্তারা হয়ে ওঠেন মাইক টাইসন। জাতির এই ক্রান্তিকালে তাই আমিনুল ইসলাম গড়তেন উন্নত শান্তিপূর্ণ টকশো ক্যাম্প, যেখানে সম্পূর্ণ বিদেশি কায়দায় শান্তিপূর্ণ টকশোর প্রশিক্ষণ দেওয়া হতো।

হাত ভাঙলেন কীভাবে?

শান্তিপূর্ণ টকশো প্রশিক্ষণ ক্যাম্পে গেছিলাম। টাকা দিতে দেরি করায় প্রশিক্ষকেরা হাত ভাইঙা দিছে! উঃ মাগো...