নির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন স্টিভ জবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল ইনকরপোরেটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্টিভ জবস পদত্যাগ করেছেন। বিশ্বের চলমান প্রযুক্তি-বাণিজ্যের অন্যতম কর্ণধার হিসেবে পরিচিত স্টিভ জবসকে শারীরিক অসুস্থতার কারণেই নির্বাহী পদ থেকে সড়ে দাঁড়াতে হয়েছে। ৫৬ বছর বয়সী এই ব্যক্তি ১০ বছর ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। যকৃৎ প্রতিস্থাপন ছাড়াও দুরারোগ্য ক্যানসার রোগ নিয়ে অ্যাপল কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার তাঁর পদত্যাগপত্রে স্টিভ জবস বলেছেন, ‘সব সময়ই আমি বলে আসছিলাম, প্রধান নির্বাহীর দায়িত্ব সঠিকভাবে যখন পালন করতে পারব না, তখন আমি আমার অপারগতার কথা নিজেই জানাব। দুর্ভাগ্যজনকভাবে এ অপারগতার কথাটি জানানোর দিনটি এসে গেছে। অ্যাপলের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা টিম কুককে প্রধান নির্বাহী করা হয়েছে। স্টিভ জবস অ্যাপলের চেয়ারম্যান পদে থাকবেন বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে। সিলিকন ভ্যালির এনডারলি গ্রুপের বিশ্লেষক রোব এনডারলি বলেন, স্টিভ জবস হচ্ছেন সেই জন, যিনি অ্যাপলে জাদু এনেছিলেন। তাঁর নেতৃত্বে অ্যাপলের আজকের এ অবস্থান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক এ প্রতিষ্ঠানটি গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান হিসেবে খেতাব পেয়েছে। শেয়ারবাজারে এর দামের ভিত্তিতে অ্যাপলকে এই খেতাব দেওয়া হয়। তবে স্টিভ জবসের পদত্যাগের খবরে শেয়ারের দাম পাঁচ শতাংশের বেশি কমে যায়। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান