নিলামে অ্যাপলের প্রথম কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে আজ মঙ্গলবার নিলামে উঠছে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের প্রথম পারসোনাল কম্পিউটার। অ্যাপল-১ নামে প্রথম প্রজন্মের এই কম্পিউটারটির সঙ্গে থাকছে এর প্রস্তুতকারী স্টিভ জবসের সই করা একটি চিঠি। ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পালো অলটোর একটি কম্পিউটার ক্লাবে স্টিভ জবস ও তাঁর বন্ধু স্টিভ ওজনিয়াক কম্পিউটারটি তৈরি করেন। এর তথ্য ধারণক্ষমতা ছিল মাত্র আট কিলোবাইট। এই ধারণক্ষমতা বর্তমানের অ্যাপল কম্পিউটারের পাঁচ লাখ ২৪ হাজার ভাগের এক ভাগ।একটি গান ধারণ করার ক্ষমতাও এর ছিল না। সে সময় এটির দাম ছিল ৬৬৬৬ দশমিক ৬৬ ডলার। নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজ কম্পিউটারটিকে একটি ‘ঐতিহাসিক স্মৃতিচিহ্ন’ হিসেবে অভিহিত করেছে। তারা বলেছে, কম্পিউটারটিতে কোনো নতুন যন্ত্রাংশ বসানো হয়নি। সব কটি যন্ত্রাংশই আদি ও আসল। এক থেকে দেড় লাখ পাউন্ডে এটি বিক্রি হবে বলে তারা আশা করছে। প্রথমটি তৈরির পর স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক একই রকমের আরও ২০০টি কম্পিউটার তৈরি করেন। সেগুলোর কয়েকটি মাত্র এখন পর্যন্ত টিকে আছে। —এপি অনলাইন অবলম্বনে রোকেয়া রহমান