নিলামে ছায়াযান সি শ্যাডো
স্টিলথ প্লেন যেমন রাডার ফাঁকি দিয়ে উড়তে পারে, তেমনি সমুদ্রসীমার দৃষ্টি এড়িয়ে যেতে পারত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি স্টিলথ প্রযুক্তির নৌযান। বিখ্যাত স্টিলথ রকেট এবং যুদ্ধজাহাজ-নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি ‘সি শ্যাডো’ নামের স্টিলথ নৌযানটির অন্তিম গন্তব্য হতে পারে শিপ ব্রেকিং ইয়ার্ড। এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, সম্প্রতি অনলাইনে জিএস অকশনস ওয়েবসাইটে এ নৌযানটি বিক্রির জন্য নিলাম ডাকা হয়েছে। এখন পর্যন্ত এর দাম উঠেছে এক লাখ ডলারেরও বেশি। এ নিলাম শেষ হবে বৃহস্পতিবার।‘জেমস বন্ড’ চলচ্চিত্র ‘টুমরো নেভার ডাইজ’ তৈরি হয়েছিল এই নৌযানটি থেকে অনুপ্রাণিত হয়েই। ‘স্পাই শিপ ০০৭’ নামেও পরিচিতি ছিল সি শ্যাডোর। ‘সি শ্যাডো’ নৌযানটি কখনো সরাসরি কোনো যুদ্ধে অংশ না নিলেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রেরণার উত্স ছিল এটি। এ নৌযান তৈরি শুরু হয়েছিল ১৯৮২ সালে। তিন বছর নির্মাণকাজ চলার পর ১৯৮৫ সালে এটি কাজ শুরু করে। তবে ১৯৯৩ সালের আগ পর্যন্ত এর তথ্য গোপন ছিল। ২০০৬ সালের সেপ্টেম্বর মাসের পর থেকে এটি বাতিল করা হয়।বাতিল লোহা-লক্কড়ের এক পণ্য হিসেবে নিলাম ডাকার আগে নৌযানটি যাতে ভাঙা না হয়, সে জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। তাদের আশা ছিল, ব্যক্তি উদ্যোগে কেউ হয়তো এটি কিনে নেবে। কিন্তু শেষতক কোনো ক্রেতাই জোটেনি সি শ্যাডোর ভাগ্যে। শেষতক ভাঙ্গারি পণ্য হিসেবে অন্তিম পরিণতিই বরণ করতে হচ্ছে অদৃশ্য এই ‘ছায়াযান’কে। জাহাজ ক্রেতার জন্য শর্ত হচ্ছে, এটি আর ব্যবহার করা যাবে না। কেবল ভাঙ্গারি বা বাতিল লোহা-লক্কড়ের পণ্য হিসেবে এটি কিনে এবং এটিকে রিসাইকেল বা পুনরায় ব্যবহার করতে হবে।লকহিড মার্টিনের মুখপাত্র জানিয়েছেন, ১৬০ ফুট লম্বা এবং ৭০ ফুট চওড়া এ নৌযানটি কিনতে চাইলে এর অনেক বিষয়ই মাথায় রাখতে হবে। দীর্ঘদিন এতে তেল পরিবর্তন করা হয়নি পাশাপাশি এটি চার-পাঁচ বছর পরিত্যক্ত অবস্থায়ও পড়ে ছিল। এ নৌযানটি তৈরিতে যুক্তরাষ্ট্রের প্রায় ২০ কোটি ডলার খরচ হয়েছিল।এটি ভেঙে ফেলার পরিবর্তে কোনো জাদুঘর কর্তৃপক্ষ এটি কিনে সংরক্ষণ করবে—এমনটাই আশা করছে কর্তৃপক্ষ।