নিলামে সাড়া ফেলেছে অ্যাপল ১

সম্প্রতি জার্মানির কোলন শহরে আয়োজিত এক নিলামে সাড়ে ছয় লাখ মার্কিন ডলার দামে বিক্রি হয়েছে অ্যাপলের শুরুর দিকের একটি কম্পিউটার। কোলনে গতকাল শনিবার এশিয়া মহাদেশের একজন ক্রেতা কিনে নিয়েছেন ‘অ্যাপল ১’ কম্পিউটারটি।কম্পিউটারটির বিশেষত্ব হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের শুরুর দিকের কম্পিউটার এটি। স্মারক বা স্মৃতি-বস্তু হিসেবে এ কম্পিউটারটি রেখে দিতে আগ্রহী ছিলেন অনেকেই।বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৬ সালে তৈরি ‘অ্যাপল ১’ মডেলের যে ছয়টি কম্পিউটার এখনও সচল আছে, তার মধ্যে জার্মানিতে নিলাম হওয়া কম্পিউটারটি ছিল অন্যতম।
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু স্টিভ ওজনিয়াক মিলে একটি পুরোনো গ্যারেজে ১৯৭৬ সালে অ্যাপল প্রতিষ্ঠা করেছিলেন। ওই বছরই তাঁরা ‘অ্যাপল ১’ মডেলের ৫০ টি কম্পিউটার বাজারে এনেছিলেন। যার মধ্যে মাত্র ছয়টি এখন সচল রয়েছে।
‘দ্য ফার্স্ট অ্যাপল’ বইটির লেখক অ্যাপলের তৈরি প্রথম কম্পিউটারগুলো সম্পর্কে লিখেছেন, এগুলো সংগ্রহে রাখার মতোই মূল্যবান।
এ কম্পিউটারের মাদারবোর্ডে অ্যাপলের প্রযুক্তি ‘গুরু’খ্যাত ওজনিয়াকের সই রয়েছে। আর কম্পিউটারটির কাগজপত্রে সই রয়েছে স্টিভ জবসের। ২০১১ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান স্টিভ জবস।
‘অ্যাপল ১’ কম্পিউটারের গণ্ডি পেরিয়ে বর্তমান আইপ্যাড ও আইফোনের যুগে প্রথম সারির প্রতিষ্ঠান অ্যাপল। এ প্রতিষ্ঠানের একটি স্মারক সংগ্রহে সাড়ে ছয় লাখ মার্কিন ডলার খরচ করতে অনেকেরই আগ্রহী হওয়ার কথা।