নিশিতার পছন্দ সিনেমা, আর বাবার নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশিতা বড়ুয়া ও তাঁর বাবা শাক্যপদ বড়ুয়া
নিশিতা বড়ুয়া ও তাঁর বাবা শাক্যপদ বড়ুয়া

ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী নিশিতা বড়ুয়া। তাঁর বাবা শাক্যপদ বড়ুয়া চট্টগ্রাম কাস্টম হাউসে সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত আছেন। আজ জানা যাক এই দুই প্রজন্মের বাবা-মেয়ের ভালো লাগা মন্দ লাগার কিছু কথা।

১. সকালে উঠিয়া আমি...
নিশিতা বড়ুয়া: সারা দিনের কাজগুলো সঠিকভাবে করার পরিকল্পনা করি। আর নাশতার পর রেওয়াজ করি।
বাবা: সাধারণত খুব ভোরে ঘুম ভাঙে। সকালে উঠেই প্রথম কাজটি হয় প্রার্থনা সম্পাদন। তারপর সকালের নাশতা সেরে অফিসে যাওয়ার প্রস্তুতি নিতে হয়।

২. অবসরে কী করেন?
নিশিতা বড়ুয়া: অবসরে সাধারণত ঘুমাই। এ ছাড়া বই পড়ি এবং প্রচুর গান শুনি।
বাবা: সংগীত, কীর্তনচর্চা, কীর্তন লেখা এবং তাতে সুর দেওয়ার চেষ্টা করি।

৩. প্রিয় শিল্পী?
নিশিতা বড়ুয়া: দেশে আমার পছন্দের শিল্পীদের মধ্যে আছেন সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া, সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ। আর দেশের বাইরে লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্রেয়া ঘোষাল, সনু নিগম, ও শুভমিতা।

বাবা: দেশ-বিদেশের অনেকেরই গান ভালো লাগে। তাঁদের মধ্যে দেশের পছন্দের শিল্পীরা হলেন পার্থ বড়ুয়া, কুমার বিশ্বজিৎ ও মমতাজ। আর দেশের বাইরে হেমন্ত মুখোপাধ্যায়ের গান বেশি ভালো লাগে।

৪. প্রিয় গ্যাজেট কোনটি?

নিশিতা বড়ুয়া: প্রযুক্তির প্রতি আমি দুর্বল। বাজারে নতুন কোনো পণ্য এলেই তা আমার সংগ্রহে রাখা চাই। এ ক্ষেত্রে মুঠোফোন প্রাধান্য পায় বেশি।

বাবা: বর্তমান সময়টা প্রযুক্তির। আমার প্রিয় প্রযুক্তিপণ্য মুঠোফোন।

৫. টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান...

নিশিতা বড়ুয়া: সিনেমা দেখতে বেশি পছন্দ করি।

বাবা: টেলিভিশনে নাটকই বেশি দেখা হয়। তবে যেসব নাটকে শিক্ষণীয় ব্যাপারগুলো বেশি থাকে, সেটা বেশি আগ্রহ নিয়ে দেখি।

৬. ঘুরে বেড়াতে যেমন লাগে...

নিশিতা বড়ুয়া: ঘুরে বেড়াতে অনেক বেশি ভালো লাগে। পরিষ্কার-পরিচ্ছন্ন যেকোনো দেশই আমার অনেক বেশি পছন্দ।

বাবা: সবকিছুর ফাঁকে যে অবসরটা পাই, তাতে ঘুরে বেড়াই। এ ক্ষেত্রে তীর্থস্থানগুলো বেশি প্রাধান্য পায়। সময় পেলেই বান্দরবান, রাঙামাটি, রামু, ঢাকার আশুলিয়া ও বাড্ডায় বেশি যাওয়া হয়।

৭. দিনের শেষে কী ভাবেন?

নিশিতা বড়ুয়া: পরের দিনের কাজগুলো সুন্দরভাবে করার কথা ভাবি। আর নিজেকে আরও বেশি জনপ্রিয় কীভাবে করা যায়, সে চিন্তাই করি।

বাবা: দিনের শুরুটা যেমন প্রার্থনা দিয়ে শুরু হয়, ঠিক তেমনি দিনের শেষ সময়টাও প্রার্থনায় শেষ হয়। এ প্রার্থনায় পরিচিত শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে সবার জন্য দোয়া কামনা করি; যেন আমরা সবাই ভালোভাবে পরের দিনটা শুরু করতে পারি।

সাক্ষাৎকার: মনজুর কাদের