নিশ্চিন্তে বলুন; কথা গোপন রাখবে রোবট!

অতি গোপন কথা কিন্তু পেটে রাখতে পারছেন না আবার কাছের বন্ধুটির কাছেও বলতে পারছেন না; অথচ কাউকে না কাউকে কথাটা বলা জরুরি। এ অবস্থায় আপনি আস্থা রাখতে পারবেন বিশেষ এক রোবটের ওপর। এ বুদ্ধিমান রোবটটি অন্তত আপনার গোপন কথা গোপনই রাখবে। সম্প্রতি এমন বিশ্বাসযোগ্য রোবটের নকশা তৈরি করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
যুক্তরাজ্যের গবেষকেরা দাবি করেছেন, মানুষ-সদৃশ রোবট এখন আর বৈজ্ঞানিক কল্পকাহিনির কোনো বিষয় নয়। আগামী এক বছরের মধ্যেই আপনার রাস্তার পাশে এরকম রোবট হেঁটে বেড়াতে দেখবেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি বুদ্ধিমান রোবটের ক্ষেত্রে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার বিষয়টি নিয়ে পরীক্ষা করছেন।
অক্সফোর্ড, কুইন মারি বিশ্ববিদ্যালয়, ব্রিস্টল রোবোটিক্স ল্যাবরেটরির গবেষকেরা মিলে মানুষের সঙ্গে রোবটের অন্তরঙ্গতার বিষয়টি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। গবেষকেরা সম্প্রতি ‘নাও’ নামে অ্যাডভান্সড প্রোগ্রাম করা মানুষ সদৃশ রোবট তৈরিতে কাজ করছেন। ২০১৫ সাল নাগাদ এই রোবটটি উন্মুক্ত করবেন তাঁরা।
রোবটের কাছ থেকে তথ্য হ্যাক করে নেওয়া বা হাতিয়ে নেওয়া যাতে প্রতিরোধ করা যায় সে বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁরা।
গবেষকেরা বলছেন, মানুষের কাজে লাগে এমন রোবটের গুরুত্ব বাড়ছে এবং এ ধরনের রোবট নিয়ে গবেষণাও বাড়ছে। গবেষকেরা জানিয়েছেন, তাঁরা এমন রোবট তৈরি করতে যাচ্ছেন যা তথ্য সংগ্রহ করবে কিন্তু অপ্রয়োজনে সে তথ্য কাউকে দেবে না। ব্যবহারকারী এই রোবটকে তাঁর মনের কথা বলে হালকা হতে পারবেন এবং রোবটের কাছে প্রয়োজনীয় তথ্য জমা রাখতে পারবেন।