নিশ্চিহ্ন হচ্ছে ফ্লেম ভাইরাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কম্পিউটার নিরাপত্তাবিষয়ক গবেষকেরা গত রোববার বলেছেন, ফ্লেম নামের একটি কম্পিউটার ভাইরাস নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তাঁরা নির্দেশ পেয়েছেন। ভাইরাসটি অনেক আগে থেকে সক্রিয় থাকলেও, তা শনাক্ত করতে বেশ সময় লেগেছে। কম্পিউটার নিরাপত্তাপ্রতিষ্ঠান সিমানটেক এক ব্লগে বলেছে, কিছু ফ্লেম ভাইরাস বেশ কয়েকটি কম্পিউটারে হামলা চালিয়েছে। এই ভাইরাস দ্রুত নিশ্চিহ্ন করা দরকার। উল্লেখ্য, ফ্লেম ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে প্রায় দুই বছর আগে। মধ্যপ্রাচ্যের বিশেষ করে ইরানের তেলের স্থাপনাগুলোর কম্পিউটার তাদের হামলার প্রাথমিক লক্ষ্য। এটি শনাক্ত করার পর ব্যাপকভাবে জল্পনাকল্পনা ছড়িয়ে পড়ে যে, এই ভাইরাস যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর তৈরি। ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির তথ্য জানতে তারা এই ভাইরাস তৈরি করেছে। অ্যান্টি ভাইরাস সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব বলেছে, ফ্লেম ভাইরাস স্টাক্সনেট ভাইরাসের চেয়ে ২০ গুণ বড়। ২০১০ সালের জুনে ভাইরাসটির অস্তিত্ব টের পাওয়া যায় এবং এটি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ব্যবহূত হয়। ইরান ছাড়াও লেবানন, ফিলিস্তিন, হাঙ্গেরি, অস্ট্রিয়া, রাশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতে ফ্লেম ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। নিরাপত্তা গবেষকদের মতে, ফ্লেম ভাইরাসে আক্রান্ত কম্পিউটারগুলোকে এই নির্দেশ দেওয়া হয়, সব ফাইল যেন মুছে ফেলা হয়। এই নির্দেশের ফলে আক্রান্ত কম্পিউটারগুলো স্বয়ংক্রিয়ভাবে সব ফাইল মুছে ফেলে। এভাবে কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ ফাইল মুছে যায়। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান