নিষিদ্ধ জঙ্গলে ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ঘন বনের পটভূমিতে গড়ে ওঠা অ্যাকশন ও অ্যাডভেঞ্চারধর্মী স্মার্টফোন গেম ব্যাডল্যান্ড। গেম নির্মাতা ফ্রগমাইন্ডের বানানো এই গেমটি ২০১৩ সালের সেরা মোবাইল গেম হিসেবে পুরস্কার পায়। এ ছাড়া অ্যাপল ডিজাইন, অ্যাপল আইপ্যাড গেম অব দ্য ইয়ার, গ্রাঁ প্রি ও আউটস্ট্যান্ডিং মোবাইল গেম হিসেবে পুরস্কার অর্জন করে। গেমে আপনাকে আঁধার কালো বনের মধ্যে বিভিন্ন অধিবাসী, গাছ এবং ফুলের পটভূমিতে কোথায় কোন সমস্যা হচ্ছে তা একটি প্রাণীর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। সেই সঙ্গে পার হতে হবে অনাকাঙ্ক্ষিত সব মরণফাঁদ আর হার না-মানা যত সব বাধা।

ব্যাডল্যান্ড গেমের গ্রাফিকস এতটাই নজরকাড়া যে আপনাকে সুন্দর কোনো রূপকথার রাজ্যের ভুতুড়ে কাহিনি মনে করিয়ে দেবে। সেই সঙ্গে চিত্রের আবহে থাকবে রোমহর্ষক শব্দ। ব্যাডল্যান্ডে সাইড স্ক্রলিং করে পরবর্তী লেভেলে যেতে পারবেন। এক লেভেল থেকে আরেক লেভেলে যেতেই পাবেন পদার্থবিদ্যার ওপর ভিত্তি করে তৈরি বিস্ময়কর আর বায়ুমণ্ডলীয় গ্রাফিকস আর তার সঙ্গে মিলিয়ে উপযুক্ত শব্দ। এর প্রতিটি ধাপই যে আপনাকে গেমে মাতিয়ে রাখবে তাতে কোনো সন্দেহ নেই। গেমটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ট্যাবলেট, অ্যান্ড্রয়েড টিভি এবং আইওএসচালিত যন্ত্রে খেলতে পারবেন। বিনা মূল্যের সংস্করণে মোট ২৩টি স্তর এবং মাল্টিপ্লেয়ার মোডে খেলা যায়। আর সিঙ্গেল প্লেয়ারের জন্য আছে ১০০-র বেশি স্তর। রূপকথার নিষিদ্ধ এই ভুতুড়ে রাজ্যের জঙ্গলে ভ্রমণ করতে আপনি প্রস্তুত তো?

গেমটি নামানোর ঠিকানা

অ্যান্ড্রয়েড: https://goo.gl/LLU0Wg

আইওএস: https://goo.gl/5IDalH