মুঠোফোনের মাধ্যমে টাকা লেনদেনের নিরাপদ প্রযুক্তিপদ্ধতি (মোবাইল পেমেন্ট সলিউশন) বাংলাদেশের স্বল্প আয়ের জনগোষ্ঠীর কাছে মুঠোফোনভিত্তিক বাণিজ্য—এম-কর্মাস সুবিধা পৌঁছে দিতে পারে। তবে এ ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা ও নীতিমালা না থাকায় বাংলাদেশে এম-কমার্স বিকাশ হচ্ছে না। সম্প্রতি আঞ্চলিক গবেষণাপ্রতিষ্ঠান লার্ন এশিয়ার এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোতে যাদের মাথাপিছু সাপ্তাহিক আয় দুই মার্কিন ডলারের কম, তাদের জন্য ই-কমার্স সম্ভাবনাময়। কারণ এসব দেশে মুঠোফোন ব্যবহারের খরচ ধীরে ধীরে কমে আসায় স্বল্প আয়ের জনগোষ্ঠীর মধ্যে মুঠোফোন গ্রাহকের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। আর এম-কমার্স, ই-কমার্সের মতোই বেশি লেনদেনের মাধ্যমে বাজারে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য সুবিধা নিয়ে আসবে। তবে বাংলাদেশে মুঠোফোনে লেনদেন (মোবাইল পেমেন্ট) সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এই সেবা বিস্তৃত হচ্ছে না বলে লার্ন এশিয়ার এই গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক ২০০৮ সালে ‘মোবাইল পেমেন্ট’কে স্বীকৃতি দিতে এবং এ জন্য লাইসেন্স প্রদান করতে ‘বাংলাদেশ মোবাইল পেমেন্ট গাইডলাইন’ নামে একটি খসড়া নির্দেশনা প্রকাশ করেছে। এ ছাড়া ‘বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশনন্স, ২০০৯’ নামে একটি নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে মোবাইল পেমেন্ট সেবার বিষয়টি পুরোপুরি প্রাধান্য পেয়েছে। গত বছরের অক্টোবরে ব্যাংকটি ‘ইলেকট্রনিক প্রিপেইড কার্ড’ পদ্ধতি চালুর অনুমোদন দেয়, যা ২০১০ সালের এপ্রিল থেকে চালুর কথা ছিল। ওই একই বছর কিছু ব্যাংককে মুঠোফোন কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারের ভিত্তিতে ‘মোবাইল মানি ইলেকট্রনিক রেমিট্যান্স সিস্টেম’ চালুর অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। —অনিকা ফারাজানা