নীলফামারী ও রাজবাড়ীর সেমিনারে ডিজিটাল বাংলাদেশ গড়ার আহ্বান
নীলফামারী ও রাজবাড়ীতে গত সোমবার পৃথক দুটি সেমিনারে ২০২১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। দুটি জেলা শহরেই ‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে নানা পরামর্শ দেন। নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিল্লুর রহমান। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তথ্য অধিকার আইন পাস করা হয়েছে। সেমিনারে আলোচনা করেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম আমিনুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাবিবুর রহমান। এ ছাড়া ইন্টারনেট পরিচিতি এবং অনুশীলন বিষয়ে আলোচনা করেন সহকারী কমিশনার ও আইসিটি কর্মকর্তা তৌহিদ ইলাহী।একই বিষয় নিয়ে অপর একটি সেমিনার রাজবাড়ীর সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সৈয়দা শাহানা বারীর সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ পড়েন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুল হোসাইন খান ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান। আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালিউল্লাহ মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শামীমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ, প্রেসক্লাবের সভাপতি এ টি এম রফিক উদ্দিন, ইউপি চেয়ারম্যান শওকত হাসান, এনজিও প্রতিনিধি ফকির আবদুল জব্বারসহ অনেকে। —নীলফামারী ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি