দেশের সব ইউনিয়ন পরিষদে স্থাপিত ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের তিন বছর পূর্ণ হয়েছে গতকাল ১১ নভেম্বর। এ উপলক্ষে গতকাল সোমবার নীলফামারী, কুমিল্লা ও পঞ্চগড়ের জেলা প্রশাসন বিশেষ আয়োজন করে।
কুমিল্লা: গতকাল সোমবার বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির কল্যাণে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে গেছে। গ্রামে বসেই মানুষ সব ধরনের প্রযুক্তিগত সুযোগ-সুবিধা পাচ্ছেন। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মতিনের সভাপতিত্বে ওই সেমিনার হয়। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার (আইসিটি) মোহাম্মদ কামরুল ইসলাম।
মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, কুমিল্লা জেলার ১৬ উপজেলার ১৮৪টি ইউনিয়নের তথ্যকেন্দ্র থেকে নাগরিকেরা সেবা নিয়ে থাকেন।
পঞ্চগড়: বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন প্রধান অতিথি ছিলেন। তিনি জানান, জেলার ৪৩টি ইউআইএসসি থেকে গত মাসে সাত হাজার ৪৬১ জন মানুষকে সেবা দেওয়া হয়েছে। এ থেকে প্রায় পাঁচ লাখ টাকা আয় হয়েছে। সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা বেগম সিদ্দিকাসহ অনেকে বক্তৃতা করেন। কয়েকজন উদ্যোক্তা জানান, ধীরগতির ইন্টারনেট থাকায় কাজ করতে অসুবিধা হয়।
নীলফামারী: সকালে নীলফামারী জেলা প্রশাসক এস এম মাহফুজুল হকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের সম্মেলনকেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এ এম নুরুন্নবী।
সভায় জেলা প্রশাসক নীলফামারীর ইউআইএসসিগুলোর কার্যক্রমের তথ্য তুলে ধরেন। বক্তারা জানান, নীলফামারী জেলার ৬০টি ইউনিয়ন পরিষদ ও চারটি পৌরসভায় এই কেন্দ্র চালু আছে। —কুমিল্লা অফিস, পঞ্চগড় ও নীলফামারী প্রতিনিধি