নীলফামারী জেলায় ই-সেবার মান সন্তোষজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা প্রশাসক কার্যালয় সম্পূর্ণ ই-সেবার আওতায় আনা হয়েছে, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে জেলার অন্যান্য বিভাগ ও সব উপজেলা শতভাগ ই-সেবার আওতায় আনা হবে বললেন নীলফামারী জেলা প্রশাসক আবদুল মজিদ। তিনি আরও বলেন, ই-সেবার মান বাড়াতে প্রতিটি বাড়িতে ১০-১২ হাজার টাকা মূল্যের একটি করে ল্যাপটপ পৌঁছানো গেলে এর সুফল জনগণ আরও বেশি পাবে। নীলফামারী কালেক্টরেটে এখন হাতে লেখা কোনো আবেদনপত্র জমা হয় না এবং শতভাগ ই-সেবার মাধ্যমে নেওয়া হয় বলেও জানান তিনি। নীলফামারী জেলার ই-সেবার মান দেখতে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রকল্পের উদ্যোগে একটি প্রতিনিধিদল নীলফামারীর জেলা প্রশাসনের ও বিভিন্ন ইউনিয়নের ই-সেবাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ কে এম আমিনুর রহমান, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন। প্রতিনিধিদল প্রথমে নীলফামারী কালেক্টরেটের ই-সেবা কার্যক্রম দেখে। সেখান থেকে পরে তারা জেলা সদর ও ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ই-সেবাকেন্দ্র পরিদর্শন করে। এ সময় জেলা সদরের পঞ্চপুকুর ইউনয়ন তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোক্তা আজাহারুল ইসলাম বলেন, এখন মানুষ পয়সা খরচ করে শহরে যেতে চায় না। তারা নামমাত্র মূল্যে এ সেবাকেন্দ্র থেকে তাদের যাবতীয় তথ্য ও সেবা নিচ্ছে। ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোক্তা উজ্জ্বল হোসেন বলেন, এখানে সেবা নিতে এলাকার প্রায় প্রতিদিন গড়ে দুই-আড়াই শ লোক আসে। নীলফামারী জেলায় ৬০টি ই-সেবাকেন্দ্র রয়েছে, যার সবগুলো চালু আছে।—মীর মাহমুদুল হাসান, নীলফামারী প্রতিনিধি