নেক্সাস ছেড়ে দিচ্ছে গুগল

স্মার্টফোন ও ট্যাবলেটের জনপ্রিয় ‘নেক্সাস’ ব্র্যান্ডটিকে আর সামনে এগিয়ে নেবে না গুগল। আগামী বছরেই শেষ হবে জনপ্রিয় নেক্সাসের যাত্রা।
গুগলের নেক্সাস ব্র্যান্ডের পরিবর্তে আগামী বছর থেকে ‘প্লে’ সংস্করণটিকে গুরুত্ব দেবে। এ সময় ‘প্লে’ সংস্করণটিরও নামকরণে পরিবর্তন আনতে পারে গুগল। টাইম অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সাশ্রয়ী দাম, মানসম্পন্ন হার্ডওয়্যার ও অ্যান্ড্রয়েড সফটওয়্যারের কারণে নেক্সাস ব্র্যান্ড বাজারে জনপ্রিয়তা পেয়েছে।
এ বছর নেক্সাস ব্র্যান্ডের একটি আট ইঞ্চি মাপের ট্যাব বাজারে আসতে পারে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কিটক্যাট সংস্করণনির্ভর পাঁচ ইঞ্চি মাপের নেক্সাস ৫ স্মার্টফোনের পর আট ইঞ্চি মাপের ট্যাবলেটটি আনতে পারে গুগল।
সম্প্রতি গুগল অ্যান্ড্রয়েডের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে আট ইঞ্চি ট্যাবলেটের একটি ছবি প্রকাশিত হয়। নেক্সাস ৮ ট্যাবটি তৈরি করছে এলজি। এর আগে নেক্সাস ৪ ও নেক্সাস ৫ স্মার্টফোন নির্মাতা হিসেবে এলজি পরিচিতি পেয়েছে। এদিকে বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, শিগগিরই ১০ ইঞ্চি মাপের নেক্সাস ট্যাব ঘোষণা দেবে গুগল। এ ট্যাবটির সঙ্গে ৮ ইঞ্চি মাপের আরেকটি ট্যাবের ঘোষণাও আসতে পারে। আর এ বছর ‘নেক্সাস’ ব্র্যান্ডে বেশ কয়েকটি পণ্য বাজারে ছাড়লেও আগামী বছর এই ব্র্যান্ডের আর কোনো পণ্য বাজারে ছাড়বে না গুগল।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, সাশ্রয়ী দামে নেক্সাস ব্র্যান্ডের পণ্য পাওয়া গেলেও প্লে এডিশনের দাম হাতের নাগালে থাকবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।